উত্তরায় বিপুল মোবাইল ফোন উদ্ধার, তিন চোরাচালানকারী কারাগারে
উত্তরায় বিপুল মোবাইল ফোন উদ্ধার, তিনজন কারাগারে

রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি বাসা থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন, র‍্যাম ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় আটক তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। এর আগে আসামিদের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রসিকিউশন বিভাগের এসআই শামীম বিষয়টি নিশ্চিত করেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন—চীনা নাগরিক ঝাং হাইবিন (৫০), ওয়াং গুওফেং (৫২) এবং তাদের দোভাষী মো. দেলোয়ার হাওলাদার (২৫)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিমান্ড আবেদনে থাকা তথ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে ফ্ল্যাট থেকে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাসার ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, র‍্যাম এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

জব্দ করা মোবাইলগুলোর মধ্যে স্যামসাং গ্যালাক্সি সিরিজ ও আইফোন রয়েছে। এসব পণ্যের বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেননি আসামিরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, চীন থেকে কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বাংলাদেশে এনে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করতেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, আটক দুই চীনা নাগরিক দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোরাচালানচক্রের সঙ্গে যুক্ত। তাদের দোভাষী হিসেবে কাজ করতেন অপর আসামি। আসামিদের সঙ্গে নিয়ে অভিযান চালালে আরও চোরাচালানের পণ্য উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করা সম্ভব হতে পারে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ