কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রাসেল (৩৬)। তিনি ‘ডন রাসেল’ নামে বেশি পরিচিত এবং টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা। শনিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং এলাকার সিকদার পাড়ায় অভিযান চালিয়ে ডন রাসেলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানবপাচার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।’
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ‘তার বিরুদ্ধে মাদক, মানবপাচার ও অস্ত্র সংক্রান্ত আটটি মামলা রয়েছে। এর আগে একাধিকবার টেকনাফ থানা পুলিশ তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



