যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি চুক্তির খবরের মধ্যে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। একইসঙ্গে মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর আশঙ্কা নিয়ে উদ্বেগও বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
স্বর্ণের দামের বর্তমান অবস্থা
শুক্রবার (২৯ মে) গ্রিনিচ মান সময় ০৪:২২ পর্যন্ত স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৫ দশমিক ৫৭ ডলারে। তবে সপ্তাহজুড়ে এখন পর্যন্ত এটি প্রায় দশমিক ১ শতাংশ কম রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারস দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৩৫ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।
বাজার ঘুরে দাঁড়ানোর কারণ
বৃহস্পতিবার স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর খবর প্রকাশের পর বাজার ঘুরে দাঁড়ায়। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, গতকাল আমরা দেখেছি স্বর্ণের দাম ৪ হাজার ৩৬০ ডলারে নেমে গিয়েছিল এবং সম্ভবত আরও কমতো। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণার পর হঠাৎ করেই দামের উল্টো প্রবণতা দেখা যায়। আজ সকালেও বাজার সেই অবস্থাতেই রয়েছে।
তিনি আরও বলেন, এখন বাজার চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছে, যদিও এটি এখন শুধু ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় ঝুলে রয়েছে।
চুক্তির বর্তমান অবস্থা
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধ শিথিল করতে একটি সমঝোতায় পৌঁছেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এতে অনুমোদন দেননি। একইসঙ্গে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি।



