বরিশালে চাঁদা দিতে রাজি না হওয়ায় বাবু সিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার (১৫ মে) ভোর রাতে নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। নিহত বাবু সিকদার ওই এলাকার কালাম সিকদারের ছেলে এবং তিনি দুই সন্তানের জনক।
ঘটনার বিবরণ
নিহত বাবু সিকদারের ভাই নাঈম জানান, টোকাই মধু নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল। বাবু সিকদার তা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ফজর নামাজের আগে পলাশপুর তিন রাস্তার মোড়ে টোকাই মধুর নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। এ সময় আমরা টের পেয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে বাবু সিকদারকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামলায় অংশগ্রহণকারীরা
নাঈমের দাবি, ওই হামলায় টোকাই মধুর গ্যাংয়ের সদস্য ভাটি খানার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত অংশ নিয়েছিল।
পুলিশের বক্তব্য
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে নেপথ্যে মাদক রয়েছে। আমরা দুজনকে আটক করেছি। বাকিদের আটকে অভিযান চলছে। আটকরা হলেন- কিশোর গ্যাংয়ের সদস্য শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়াম।



