বিএটিবির সিগারেট বিক্রি ও মুনাফায় বড় ধস, কমেছে ৮৭২ কোটি টাকা
বিএটিবির সিগারেট বিক্রি ও মুনাফায় বড় ধস

দেশের বহুজাতিক তামাকজাত পণ্য বিপণনকারী কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) সিগারেট বিক্রি ও মুনাফা উল্লেখযোগ্য হারে কমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সিগারেট বিক্রি কমেছে প্রায় ৮৭২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশের বেশি। একই সময়ে মুনাফা কমেছে প্রায় ৩৪ শতাংশ।

বিক্রি ও মুনাফার চিত্র

কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে বিএটিবি সিগারেট বিক্রি করেছে ৮ হাজার ৭২৫ কোটি টাকার। গত বছরের একই সময়ে বিক্রির পরিমাণ ছিল ৯ হাজার ৫৯৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিক্রি কমেছে ৮৭২ কোটি টাকা বা ৯ শতাংশের বেশি।

বিক্রি কমে যাওয়ার প্রভাব পড়েছে কোম্পানিটির মুনাফাতেও। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিএটিবির নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ২০১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩১৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে প্রায় ১০৮ কোটি টাকা বা ৩৪ শতাংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচালন ব্যয় বৃদ্ধি

গত বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পরে বৃহস্পতিবার শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, মূলত বিক্রি কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার কারণে কোম্পানিটির মুনাফায় বড় চাপ তৈরি হয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির পরিচালন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৩২ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে পরিচালন ব্যয় বেড়েছে ৬৭ কোটি টাকা বা প্রায় ৪১ শতাংশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারি রাজস্ব

এদিকে বিক্রির বড় অংশই সরকারকে সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) হিসেবে পরিশোধ করেছে কোম্পানিটি। চলতি বছরের প্রথম তিন মাসে বিএটিবি সরকারকে সম্পূরক শুল্ক ও ভ্যাট বাবদ দিয়েছে ৭ হাজার ২৯২ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এই খাতে সরকারের রাজস্ব আয় ছিল ৭ হাজার ৭৩৩ কোটি টাকা।

এছাড়া করপোরেট করসহ অন্যান্য কর বাবদ চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি সরকারকে দিয়েছে ২৮৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৪২ কোটি টাকা। মুনাফা কমে যাওয়ায় করপোরেট কর বাবদ ব্যয়ও কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ারবাজারে প্রভাব

বিক্রি ও মুনাফা কমে যাওয়ার প্রভাব শেয়ারবাজারেও পড়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের দাম ৩ টাকা ৩০ পয়সা বা প্রায় দেড় শতাংশ কমে ২১৪ টাকায় নেমে আসে। দিনভর লেনদেনে কোম্পানিটির প্রায় ৩ কোটি টাকার সমমূল্যের ১ লাখ ৩৫ হাজার শেয়ার হাতবদল হয়।

বাংলাদেশের বাজারে বিএটিবি বেনসন, গোল্ডলিফ, ক্যাপস্টেন, ডার্বি, স্টার ও হলিউডসহ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট বাজারজাত করে। ১৯৭৭ সালে কোম্পানিটি দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে এটি ‘এ’ শ্রেণিভুক্ত।

গত বছর কোম্পানিটি রেকর্ড ৪৬ হাজার ২৮৪ কোটি টাকার সিগারেট বিক্রি করেছিল। ওই বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৫৮৪ কোটি টাকা।