জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একটি কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয় এবং সোমবার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে অন্যজন মারা যান।
ঘটনার বিবরণ
রোববার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) এবং কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)।
মহিষের অস্বাভাবিক আচরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির জন্য কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। সেখানে আনার পর একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে মহিষটি হাটজুড়ে ছোটাছুটি করে লোকজনকে আক্রমণ করতে থাকে। এতে আতঙ্কিত হয়ে হাটে থাকা মানুষজন দৌড়াদৌড়ি শুরু করেন।
পরে মহিষের গুঁতায় রুহুল আমিন ও মজিবুর রহমানসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন মারা যান। পরে মজিবুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



