ইসলামী ব্যাংকের পর্ষদ গঠনে যাচাই-বাছাই চলছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকের পর্ষদ গঠনে যাচাই-বাছাই চলছে

আজ সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ জহির হোসেন। তিনি বলেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন।

পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ

মোহাম্মদ জহির বলেন, যোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে যাচাই-বাছাই চলছে। আজ সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হোসেনসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের প্রসঙ্গে মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘পাঁচজন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ পর্ষদ গঠিত হচ্ছে। যাচাই-বাছাইয়ের প্রয়োজন আছে। এখানে সম্পূর্ণ নিরপেক্ষ লোক দিতে চাই, যাঁরা এই ব্যাংককে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন। আশা করি, খুব শিগগির সুন্দর ও নিরপেক্ষ পর্ষদ আসবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোহাম্মদ জহির আরও বলেন, বর্তমানে তিনি সীমিত সময়ের জন্য এক সদস্যবিশিষ্ট পর্ষদের দায়িত্ব পালন করছেন। লক্ষ্য—ব্যাংকের কার্যক্রমে যেন বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করা।

তারল্য সহায়তা ও গ্রাহক আস্থা ফেরার ইঙ্গিত

এদিকে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ব্যাংকটি। আলতাফ হোসেন বলেন, গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এই টাকা পাওয়া গেছে। কিন্তু সেই অর্থের পুরোটাও এখনো ব্যবহার করতে হয়নি। তাঁর আশা, যাঁরা আতঙ্কে টাকা তুলে নিয়েছেন, তাঁরা আবারও ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে আসবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইসলামী ব্যাংকের এমডি আরও বলেন, ব্যাংকের বড় একটি শাখা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, আগের তুলনায় হিসাব বন্ধের পরিমাণ প্রায় ৭৫ শতাংশ কমে গেছে। অর্থাৎ গ্রাহকদের আস্থা যে ফিরে আসছে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।