ঢাকা ব্যাংক ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ব্যাংক এ তথ্য জানিয়েছে।
সভায় উপস্থিতি ও সভাপতিত্ব
বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক এ টি এম হায়াতুজ্জামান খান; পরিচালক রেশাদুর রহমান, আফরোজা আব্বাস, রোকসানা জামান, মনোয়ারা খন্দকার, আসিফ হানিফ, মো. আমির উল্লাহ, আমান উল্লাহ সরকার, তাহিদুল হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল আহসান, মির্জা ইয়াসির আব্বাস, জসিম উদ্দিন, মনোয়ারা খন্দকার, আলতাফ হোসেন সরকার; স্পনসর পরিচালক খন্দকার জামিল উদ্দিন; স্বতন্ত্র পরিচালক বিলকিস আরা বেগম ও ফিরোজ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান এরশাদ ফয়েজ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের কোম্পানি সচিব মো. শাহজাহান মিয়া, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সাহাবুব আলম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ অনুমোদন
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ব্যাংকের ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এতে ব্যাংকের আর্থিক কার্যক্রম, সুশাসন চর্চা ও সামগ্রিক ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান এরশাদ ফয়েজ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, এমন একটি ব্যাংকে পরিণত হওয়া, যাকে বাংলাদেশের মানুষ গর্বের সঙ্গে নিজেদের ব্যাংক বলে মনে করবে।’
ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার
সভায় ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জন, গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদান, উদ্ভাবন এবং সব অংশীজনের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির বিষয়ে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।



