এনসিসি ব্যাংকের মুনাফা দ্বিগুণের বেশি বেড়ে ৪৭৬ কোটি টাকা
এনসিসি ব্যাংকের মুনাফা দ্বিগুণের বেশি বেড়ে ৪৭৬ কোটি টাকা

দেশের বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের মুনাফা এক বছরের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে। গত বছর শেষে ব্যাংকটি মুনাফা করেছে ৪৭৬ কোটি টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ব্যাংকটি মুনাফা করেছিল ২৩২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২৪৪ কোটি টাকা বা দ্বিগুণের বেশি।

আর্থিক প্রতিবেদন চূড়ান্ত

গতকাল সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সেই আর্থিক প্রতিবেদন থেকে ব্যাংকটির মুনাফার এই তথ্য পাওয়া যায়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ মঙ্গলবার আর্থিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে ব্যাংকটি। একই সভায় গত বছরের জন্য শেয়ারধারীদের লভ্যাংশেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের জন্য ব্যাংকটি শেয়ারধারীদের মোট ২১ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে ১৭ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ।

সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা

ব্যাংকটির তথ্য অনুযায়ী, ২০১১ সালের পর গত বছরের জন্য এনসিসি ব্যাংক শেয়ারধারীদের সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ ২০১১ সালে ব্যাংকটি শেয়ারধারীদের মোট ২৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। যার মধ্যে ১৭ শতাংশ ছিল বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ। সেই হিসাবে ১৪ বছর পর শেয়ারধারীদের জন্য সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেষ প্রান্তিকে মুনাফা বৃদ্ধি

ব্যাংকটির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গত বছরের মুনাফার বড় অংশই এসেছে বছরের শেষ তিন মাসে। এই তিন মাসে ব্যাংকটি প্রায় ৩০৩ কোটি টাকা মুনাফা করেছে। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই নয় মাসে ব্যাংকটির কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১৭৩ কোটি টাকা। বছর শেষে তা বেড়ে দাঁড়ায় ৪৭৬ কোটি টাকায়। অর্থাৎ বছরের প্রথম নয় মাসে ব্যাংকটি যে মুনাফা করেছে তার প্রায় দ্বিগুণ মুনাফা করেছে শেষ তিন মাসে। ব্যাংকটির গত ১০ বছরের মুনাফার তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত বছরই ব্যাংকটি রেকর্ড মুনাফা করেছে।

শেয়ারবাজারে প্রভাব

এদিকে রেকর্ড মুনাফা ও ভালো লভ্যাংশের খবরে আজ শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তাতে শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংকটি। এ সময় পর্যন্ত ব্যাংকটির দুই কোটির বেশি শেয়ারের হাতবদল হয়, যার বাজারমূল্য ৩১ কোটি টাকার বেশি। এ সময়ে ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৭০ পয়সা বা ১২ শতাংশ বেড়ে ১৬ টাকায় উঠেছে।

সাধারণত শেয়ারবাজারে কোনো শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশের বেশি বাড়তে পারে না। তবে লভ্যাংশ ঘোষণাসহ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের পর ওই দিন শেয়ারের দামের ওপর কোনো সীমা আরোপ থাকে না। এ কারণে এনসিসি ব্যাংকের শেয়ারের দামেও আজ কোনো সীমা আরোপিত নেই।