ভারী বর্ষণ ও কর্ণফুলী নদীতে ভরা জোয়ারের কারণে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পানি জমে গেছে। বুধবার (৮ জুলাই) ইয়ার্ডে সারি সারি করে রাখা কনটেইনারের নিচের স্তরে পানি ঢুকে আমদানি পণ্য নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
কাস্টমস কার্যক্রম ব্যাহত
পানির কারণে গত দুদিন ধরে কাস্টমস কর্তৃপক্ষ স্বাভাবিক কাজ করতে পারছে না। আমদানি পণ্যের পরীক্ষা-নিরীক্ষা ও শুল্কায়ন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। এছাড়া বন্দরের বহির্নোঙ্গরে থাকা ৫০টি মাদার ভেসেল থেকেও পণ্য খালাস বা লাইটারিং বন্ধ রয়েছে। সাগর উত্তাল থাকা এবং বৃষ্টির কারণে লাইটার জাহাজ বহির্নোঙ্গরে যেতে পারছে না, তাই পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে।
ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা
চট্টগ্রাম চেম্বার ও ব্যবসায়ীদের সূত্র জানিয়েছে, বহির্নোঙ্গরে প্রতিদিন ৫ লাখ টন পণ্য খালাস হয়। তিনদিন ধরে পণ্য খালাস বন্ধ থাকায় আমদানিকারকরা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং জরিমানার মুখোমুখি হতে পারেন।



