ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালু হচ্ছে ১০ আগস্ট
ঢাকা-গোপালগঞ্জে নতুন কমিউটার ট্রেন ১০ আগস্ট থেকে

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১০ আগস্ট থেকে ১৩৫ ও ১৩৬ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের চলাচল শুরু হবে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

ট্রেনের সময়সূচি ও যাত্রাবিরতি

আদেশে বলা হয়েছে, ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করবে। শনিবার থাকবে ট্রেনটির সাপ্তাহিক বন্ধ। নতুন ট্রেনটি ঢাকা থেকে দুপুর ৩টা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। সেখানে ৩০ মিনিট বিরতি দিয়ে ফিরতি যাত্রায় গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। উভয় পথে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশনসহ বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেবে ৮ কোচের ট্রেনটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দূরত্ব ও আসন ব্যবস্থা

গোপালগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ধরা হয়েছে ২৯০ কিলোমিটার। ট্রেনের রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে ঢাকায়। ট্রেনে মোট কোচ থাকবে ৮টি। একটি কোচে সর্বনিম্ন ৫২ থেকে সর্বোচ্চ ৯৭ জন যাত্রী বসতে পারবেন। পুরো ট্রেনে মোট আসন থাকবে ৬০৯টি। ট্রেনটিতে থাকবে শোভন ও ‘মেট্রো টাইপ’ শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা।

পরিচালনা ও প্রস্তুতি

রেলওয়ে জানায়, জয়দেবপুর কমিউটারের রেক ব্যবহার করে নতুন ট্রেনটি পরিচালিত হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে টিকিট বিক্রি, লোকোমোটিভ ও ক্রু সরবরাহ, রেক রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ