মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ট্রাকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে) ভারতীয় জিরাসহ ট্রাকটি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান।
অভিযানের বিবরণ
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আবুল হোসাইন (৫১) দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামের মৃত আখলাছ আলীর ছেলে।
জব্দকৃত জিরার পরিমাণ ও মূল্য
অভিযানে ১৯২ বস্তায় রাখা মোট ৫ হাজার ৭৬০ কেজি জিরা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৪০ হাজার টাকা। বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরার চালান ও পরিবহণে ব্যবহৃত ট্রাকটি আটক করা হয়।
উদ্ধার জিরা ও গ্রেপ্তার ব্যক্তিকে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



