চীনের সাংহাইয়ে অনুষ্ঠিতব্য ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ছয় সদস্যের দল। ২২ জুন ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেয়। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বাংলাদেশের দলের ছয় সদস্যকে পরিচয় করিয়ে দেন।
দলের সদস্যরা
বাংলাদেশ গণিত দলে আছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান, ঢাকা ইমপিরিয়াল কলেজের জাওয়াদ হামীম চৌধুরী, রাজউক উত্তরা মডেল কলেজের এম জামিউল হোসেন, চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারজুক রহমান এবং আনন্দ মোহন কলেজের তাহসিন খান।
প্রতিযোগিতার সময়সূচি ও প্রস্তুতি
আগামী ১৩ থেকে ২০ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই গণিত প্রতিযোগিতা। এর আগে বাংলাদেশ দল বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত সামার ক্যাম্পেও অংশ নেবে। বাংলাদেশ দলের দলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ দলের কোচ মাহবুবুল আলম মজুমদার এবং উপদলনেতা হিসেবে থাকবেন একাডেমিক সমন্বয়ক অপূর্ব কুমার। ‘কোনো চাপ নয়, গণিত উপভোগ করো’—এই বার্তা নিয়ে ২৪ জুন দেশ ছাড়বে দলটি।
অতীতের সাফল্য
২০০৫ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ। এ পর্যন্ত দেশের শিক্ষার্থীরা ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ৪০টি ব্রোঞ্জ পদক এবং ৪৭টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।
নির্বাচন প্রক্রিয়া
এ বছর সারা দেশের ১৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ হাজার ৫৩২ শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। অনলাইন বাছাই, আঞ্চলিক উৎসব, জাতীয় উৎসব ও জাতীয় গণিত ক্যাম্পের বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে এই ছয় খুদে গণিতবিদ।



