ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
চলমান বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ নিয়ে গেছেন মো. রাকিব (২২) নামের এক যুবক। ম্যাচটিতে পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।
বুধবার (৮ জুলাই) রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে উপস্থিত হন রাকিব। তিনি সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা।
ম্যাচ দেখে ক্ষুব্ধ হয়ে থানায়
রাকিব দাবি করেন, মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে আরও কয়েকজনের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখছিলেন। ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন বলে তার প্রিয় মিসর পরাজিত হয়েছে।
তিনি অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন। অভিযোগে বলা হয়, ম্যাচে অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল করা এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি ও মিসরের সমর্থকরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
থানায় জিডি না নেওয়ায় আদালতে যাবেন
রাকিব ফিফার কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, "আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচটি দেখার পর থেকে আমি ও আমার অভিযোগের সাক্ষীরা চরমভাবে ভেঙে পড়েছি। এই অন্যায়ের বিচার হওয়া উচিত।"
পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নেয়নি বলে জানান রাকিব। তাই তিনি একই অভিযোগ নিয়ে আদালতে যাবেন এবং প্রয়োজনে মানববন্ধনসহ অন্য কর্মসূচিও পালন করবেন।
পুলিশের বক্তব্য
সুধারাম থানার ওসি বলেন, "এক ব্যক্তি বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিসরের খেলার রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে জিডি করতে আসেন। এ প্রসঙ্গে তাকে বুঝানো হয়, এ ঘটনার প্লেস অফ অকারেন্স (পিও) এখানে না। এমনকি এদেশেও নয়, তাই এখানে জিডি গ্রহণ করা যাবে না।" তিনি আরও বলেন, "তারপরও সে যদি আইনি ব্যবস্থা নিতে চায়, তাহলে ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে পারে।"



