বিশ্বকাপের গ্রুপ 'এইচ' এখন নাটক ও উত্তেজনার মঞ্চে পরিণত হয়েছে। চার দলের সামনেই এখনো নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত, আবার বিদায়ের শঙ্কাও সমানভাবে বিদ্যমান। শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় একসঙ্গে শুরু হবে দুই গুরুত্বপূর্ণ ম্যাচ—উরুগুয়ে-স্পেন এবং কেপ ভার্দে-সৌদি আরব। এই দুই ম্যাচের ফলাফলের মাধ্যমেই নির্ধারিত হবে কোন দল রাউন্ড অব ৩২-এ পা রাখবে এবং কারা গ্রুপ পর্বেই থেমে যাবে।
গ্রুপের বর্তমান অবস্থান
গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে স্পেন। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে লা রোজারা সবার উপরে। উরুগুয়ে ও কেপ ভার্দে উভয়েরই সংগ্রহ দুই পয়েন্ট, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে আছে উরুগুয়ে। একমাত্র পিছিয়ে থাকা দলটি হলো সৌদি আরব, যাদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট। তবে এখনো কোনো দলই নিশ্চিতভাবে এগিয়ে নেই বা ছিটকে যায়নি।
উরুগুয়ের চ্যালেঞ্জ
টানা দুই ম্যাচ ড্র করে চাপে আছে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার দল আক্রমণে দক্ষতা দেখালেও রক্ষণভাগের ভুলের কারণে পয়েন্ট হারিয়েছে। বিশেষ করে কেপ ভার্দের বিপক্ষে ২-২ ড্র তাদের সমীকরণ কঠিন করে তুলেছে। এখন তাদের সামনে শক্তিশালী স্পেন। ভুলের কোনো সুযোগ নেই। কোচ মার্সেলো বিয়েলসা ম্যাচটির গুরুত্ব বুঝিয়ে বলেন, 'আমরা জানি সামনে কত বড় পরীক্ষা। স্পেন অসাধারণ দল। কিন্তু উরুগুয়ে কখনো চাপকে ভয় পায় না। এই ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব।' তিনি আরও বলেন, 'এই দলের সবচেয়ে বড় শক্তি হলো লড়াইয়ের মানসিকতা। শেষ বাঁশি বাজা পর্যন্ত আমরা বিশ্বাস হারাব না। ভাগ্য এখনো আমাদের হাতেই।' অধিনায়ক জোসে মারিয়া গিমিনেজ এই ম্যাচকে ফাইনালের চোখে দেখছেন। তিনি বলেন, 'এটাই সেই মুহূর্ত, যখন আমাদের প্রমাণ করতে হবে আমরা কারা। উরুগুয়ের জার্সি গায়ে চাপানো মানে দায়িত্ব কাঁধে নেওয়া।'
স্পেনের প্রস্তুতি
স্পেনের শুরুটা প্রত্যাশামতো না হলেও দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে যাবে তারা। ড্র করলেও তাদের পথ প্রায় নিশ্চিত। স্পেনের ডিফেন্ডার আমেরিক লাপোর্তে সতর্ক, 'উরুগুয়ে আমাদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তবে আমরা প্রস্তুত। নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে কাউকেই ভয় পাই না।'
কেপ ভার্দের চমক
এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম কেপ ভার্দে। প্রথম বিশ্বকাপ খেলতে এসেই তারা স্পেনকে আটকে দিয়েছে এবং উরুগুয়ের সঙ্গেও পয়েন্ট ভাগ করেছে। এখন ইতিহাস গড়ার হাতছানি। জয় পেলেই নিশ্চিত নকআউট। ড্র হলেও সুযোগ থাকবে, তবে স্পেন-উরুগুয়ে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। কোচ বুবিস্তা বিশ্বাস করেন, সাহসী ফুটবলই তাদের এত দূর এনেছে। দলটি এখন আর শুধু চমক নয়, বরং ভয়ংকর প্রতিদ্বন্দ্বী।
সৌদি আরবের কঠিন সমীকরণ
সৌদি আরবের সামনে সমীকরণ স্পষ্ট—জয় ছাড়া বিকল্প নেই। ড্র বা হার মানেই বিদায়। বড় ব্যবধানে হারের কারণে গোল পার্থক্য তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। তবে জয় পেলে সৌদিরও নকআউটে যাওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। এই গ্রুপে এখনো নিশ্চিত কিছুই নয়। স্পেন এগিয়ে থাকলেও উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব—তিন দলের সামনেই সুযোগ বেঁচে আছে।



