১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। এই ফাইনালের হাফ টাইমে থাকছে বিশেষ তারকা সমাবেশ। ইএসপিএন জানিয়েছে, হাফ টাইম শোতে অংশ নেবেন পপ তারকা জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
১১ মিনিটের বিশেষ পরিবেশনা
ফিফার বিবৃতি অনুযায়ী, ফাইনালের বিরতিতে ১১ মিনিটের এই বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হবে। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে আয়োজনটি সাজানো হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০ কোটি ডলার সংগ্রহ করা। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হবে।
তারকাদের উচ্ছ্বাস
আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার। তিনি বলেন, 'ফিফা বিশ্বকাপের মতো এমন আয়োজনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এর চেয়েও বড় বিষয় হলো, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের শিশুদের শিক্ষায় সহায়তা করা হচ্ছে।'
নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়ও এই শোতে পারফর্ম করবেন। তিনি বলেন, 'ফিফা বিশ্বকাপ এমন কয়েকটি মুহূর্তের একটি, যা সত্যিকার অর্থেই পুরো বিশ্বকে এক করে দেয়। ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফ টাইম শোতে আফ্রিকার প্রতিনিধিত্ব করা আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। আমি এই দায়িত্বকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।'
অন্যান্য অংশগ্রহণকারী
হাফ টাইম শোতে আরও পারফর্ম করবেন নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোরাস দল পিএস২২ কোরাস। তাদের পরিবেশনায় যোগ দেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। এছাড়াও, ফিফা জানিয়েছে, সংগীতশিল্পীদের পাশাপাশি জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান 'সিসেমি স্ট্রিট'-এর কয়েকটি মাপেট চরিত্রও এ আয়োজনে অংশ নেবে। দর্শকেরা দেখতে পাবেন কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিকেও।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপের অফিশিয়াল গান 'ডাই ডাই'-এর অন্যতম শিল্পী বার্না বয়। উদ্বোধনী অনুষ্ঠানে অফিশিয়াল থিম সং পরিবেশন করেছিলেন শাকিরা ও বার্না বয়।



