পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, মাদকের ভয়ানক থাবা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। তরুণ ও যুবসমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে এবং মাদকের আগ্রাসন প্রতিরোধে খেলাধুলার আয়োজন বাড়ানোর কোনো বিকল্প নেই।
টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার (৩ জুলাই) বিকালে পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী খেলায় পাবনা সদর উপজেলা দল ৪-৩ গোলে আটঘরিয়া উপজেলা দলকে পরাজিত করে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান, পাবনা-আসনের সংসদ সদস্য আলী আছগার, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পুলিশ সুপার সুফী উল্লাহ, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, পৌর প্রশাসক খাইরুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক গোলাম রব্বানী কামনা প্রমুখ।
টুর্নামেন্টের বিবরণ
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পাবনা পৌরসভা ও জেলার ৯টি উপজেলা দল মিলিয়ে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।



