রাউন্ড অব সিক্সটিনে মিসরের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় থাকা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি শুরুর একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, শেষ ষোলোর ম্যাচের আগে আগামীকাল ক্লোজড-ডোর অনুশীলন করবে আর্জেন্টিনা, এরপর একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্কালোনি।
একাদশে সম্ভাব্য তিন পরিবর্তন
বর্তমান পরিস্থিতি বলছে, সর্বোচ্চ তিনটি পরিবর্তন আসছে আলবিসেলেস্তেদের একাদশে। দলে কাঠামোগত পরিবর্তনের চেয়ে নির্দিষ্ট কিছু পজিশনে সমন্বয় করার দিকেই নজর দিচ্ছে কোচিং স্টাফ।
আক্রমণভাগে মেসির সঙ্গী কে?
আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে স্ট্রাইকার হিসেবে কে খেলবেন, সেটাই এখন বড় প্রশ্ন। চোট কাটিয়ে হুলিয়ান আলভারেস ফিরলেও পুরোপুরি ম্যাচ ফিট না থাকায় কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান লাওতারো মার্টিনেস। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও পরবর্তী ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি ইন্টার মিলান তারকা। অন্যদিকে বদলি হিসেবে নামা আলভারেসও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই মিসরের বিপক্ষে শুরুর একাদশে কে থাকবেন, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
লেফট ব্যাক পজিশনে দ্বন্দ্ব
লেফট ব্যাক পজিশন নিয়েও দ্বন্দ্বে রয়েছেন স্কালোনি। ফাকুন্দো মেদিনা সেরা ৩২-এর ম্যাচে ভালো পারফরম্যান্সের পর জায়গা ধরে রেখেছেন। তবে পুরো টুর্নামেন্টে নিয়মিত শুরুর একাদশে থাকা নিকোলাস তালিয়াফিকোকে একাদশে ফেরানো হতে পারে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। কেপ ভার্দের বিপক্ষে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভুগতে হয়েছে তাকে। তাই ম্যাচের আগে তালিয়াফিকোর ফিটনেসের বিষয়টিও এখন আলোচনার বিষয়।
মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা
মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শুরুর একাদশে জায়গা পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস গনসালেস। সে ক্ষেত্রে জায়গা হারাতে পারেন থিয়াগো আলমাদা। তার পরিবর্তে থাকবেন গনসালেস। অন্যদিকে পারেদেস খেলবেন মিডফিল্ডে।



