ব্রাজিলের জয়ে উল্লাসে ফেটে পড়লেন রোনালদো-কাকা
ব্রাজিলের জয়ে উল্লাসে ফেটে পড়লেন রোনালদো-কাকা

গ্যালারির এক প্রান্তে সেলেসাওদের পাঁচ তারকার টিফো ঢেউ খেলছিল। অন্য প্রান্তে এক ফ্রেমে তিন ব্রাজিলিয়ান জীবন্ত কিংবদন্তি—রোনালদো নাজারিও, রোনালদিনহো, কাফু এবং কাকা! হাইতির বিপক্ষে আজকের ম্যাচে উত্তরসূরিদের সমর্থন দিয়ে গেছেন সেলেসাওদের সোনালী অতীতের এই মহানায়কেরা। এমন দিনে ব্রাজিলের জয়োৎসব ছিল দেখার মতোই।

স্টেডিয়ামের চারদিকে হলুদ উৎসবের জয়গান। এই দিনটির জন্য বুঝি অপেক্ষায় ছিল ব্রাজিলের সমর্থকসহ সবাই। ‘হেক্সা’ মিশনে এসে প্রথম ম্যাচে হোঁচট। আজ ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে উদ্ভাসিত জয়। এমন জয়ের পর স্টেডিয়ামে আসা প্রায় ৭০ হাজার দর্শকের অধিকাংশই ভেসেছে আনন্দে।

প্রথমার্ধেই জয়ের ভিত

এমনিতে হাইতি অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। কিন্তু এবারের বিশ্বকাপে যেভাবে বড় দলগুলো হোঁচট খাচ্ছিল, তাতে করে ব্রাজিল আজকের ম্যাচে কী করে—এ নিয়ে দুশ্চিন্তা কম ছিল না। দুশ্চিন্তার অবসান ঘটিয়ে সেলেসাওরা জয়ের মুখ দেখেছে। এটাই আনন্দের অন্যতম উপলক্ষ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগের ম্যাচে ভিনিসিয়ুস গোল করে দলকে বাঁচান। আজও রিয়াল তারকা গোল পেয়েছেন। ম্যাথেউস কুনহা জোড়া গোল করে তাক লাগিয়ে দিয়েছেন। যদিও হাইতি গোল বন্যায় ভাসলে অবাক হওয়ার কিছু ছিল না। তিনটি গোলই হয়েছে বিরতির আগে। ড্রেসিং রুম থেকে ফিরে এসে গোল সংখ্যা বাড়ানো যায়নি। ফিনিশারের অভাব ছিল প্রকট। ভিনিসিয়ুসরা বারবারই হাইতির ডিফেন্সে পরীক্ষা নিয়েও ব্যর্থ হতে হয়েছে। বরং হাইতি বারকয়েক ব্রাজিল গোলকিপারের পরীক্ষা নিয়ে সফল হতে পারেনি। আলিসন তাদের বিমুখ করেছেন।

দ্বিতীয়ার্ধে গোলশূন্য

দ্বিতীয়ার্ধে গোল না হলেও অনেকটা গুমোট অবস্থা থেকে ব্রাজিল জয় পেয়েছে। এতেই আপাতত খুশি সবাই। সাও পাওলো থেকে দলের খেলা দেখতে এসেছেন বাবা রিকার্দো এবং ছেলে হোতাবিও। দু’জনই ফুটবলের পাড় ভক্ত। অনেক আশা নিয়ে নিজ দলের খেলা দেখে উচ্ছ্বসিত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিকার্দো তো বললেন, ‘আমরা আগের ম্যাচে হোঁচট খেয়েছি। আজ কিছুতেই পয়েন্ট হারাতে চাইনি। হাইতির বিপক্ষে দলের জয়টা গুরুত্বপূর্ণ ছিল। নকআউটে যেতে হলে জয় ছাড়া বিকল্প কিছু ছিল না। আনচেলত্তির দল আজ আমাদের বিমুখ করেনি। তিন গোলে জিতেছি।’

বাবা ও ছেলে শনিবার সাও পাওলো ফিরে যাবেন। ছেলে হোতাবিও বাবার মতো খুশি। তবে দলের গোল মিস তাকে করেছে শঙ্কিত, ‘দেখুন আজ দলের অন্তত ৬ গোল হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, বিরতির পর গোলই হয়নি। এটা আমাদের জন্য সতর্কবার্তা। তবে দল জয় পেয়েছে এতেই এখন খুশি। এমন জয়ের পর নিশ্চয়ই স্কটল্যান্ডের বিপক্ষে দলকে আরও ভালো খেলতে উৎসাহিত করবে।’

শনিবার বাবা ও ছেলে দেশে ফিরে গেলেও দৃষ্টি ঠিকই থাকবে দলের প্রতি। স্টেডিয়াম ছাড়ার আগে ছেলে বলে গেলেন, ‘দেখবেন, এই দলে নেইমার যদি ফিরতে পারে তাহলে চেহারা অন্যরকম হবে। ফরোয়ার্ড জোন আরও শক্তিশালী হবে। গোলও বেশি আসবে।’

উৎসবের রঙে রঙিন ব্রাজিলের জয়োৎসব পরের ম্যাচেও দেখার অপেক্ষায় সবাই। প্রতিপক্ষ স্কটল্যান্ড।