দেশের বাজারে আজ সোনার দাম কমেছে। গতকাল শুক্রবারের পর আজ শনিবারও সোনার দাম কমল। বিশ্ববাজারে খাঁটি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার দেশের বাজারে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। গতকাল দাম সমন্বয়ের পর ২২ ক্যারেটের সোনার দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
সোনার দাম কমানোর ধারা
পবিত্র ঈদুল আজহার পর দেশের বাজারে টানা চারবার সোনার দাম কমানো হয়। ফলে সামগ্রিকভাবে সোনার দাম ভরিতে ১৯ হাজার ৭৭১ টাকা কমেছিল। এরপর গত শনিবার, সোমবার ও বৃহস্পতিবার তিনবার সোনার দাম বাড়ানো হয়। এই তিনবারে সোনার দাম ১৪ হাজার ৫৮০ টাকা বেড়েছে। এরপর গতকাল শুক্রবার ও আজ শনিবার সোনার দাম কমানো হলো।
নতুন দাম
নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা; ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
ভ্যাট কমানো
২০২৬–২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। সোনার গয়নার দাম কমাতে বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল ৫ শতাংশ।
এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলঙ্কারে ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
রুপার দাম অপরিবর্তিত
এদিকে আজ দেশের বাজারে রুপার দাম অপরিবর্তত রাখা হয়েছে। ২২ ক্যারেটের, অর্থাৎ ভালো মানের এক ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা।



