ব্রাজিল দল এখন ফিলাডেলফিয়ায় অবস্থান করছে। কিন্তু নেইমার ফিট হয়ে উঠতে পারেননি, তাই তিনি নিউ জার্সিতে থেকে গেছেন। গত পরশু নিউ জার্সির মরিসটাউনে ব্রাজিলের বেজক্যাম্পে তোলা ছবিটি এএফপি'র।
হোম অফিসের নতুন সংজ্ঞা
কোভিড মহামারির সময় ‘হোম অফিস’ কথাটি বিশ্বব্যাপী পরিচিতি পায়। বিভিন্ন পেশায় জড়িত মানুষ ঘরে থেকে কাজ করতেন—সেটাকে বলা হতো হোম অফিস। বিশ্বকাপে নেইমারও এমন হোম অফিস করছেন, কিন্তু মন্তব্যটি এসেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার মুখ থেকে।
গত শুক্রবার বেলো হরিজন্তে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগসংক্রান্ত এক অনুষ্ঠানে মজা করে এমন কথা বলেন লুলা। নেইমার লুলার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসেনারোর সমর্থক।
শিশুর উত্তরেই কৌতুক
সেই অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এক শিশুর কাছে জানতে চান, ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে? জবাবে শিশুটি নেইমারের নাম বললে প্রেসিডেন্ট রসিকতা করে এই মন্তব্য করেন। লুলা জানতে চান, ‘ব্রাজিল দলে এই মুহূর্তে ভালো কে আছে?’ শিশুটি উত্তর দেয়, ‘নেইমার।’
লুলা এরপর রসিকতা করে বলেন, ‘নেইমার তো খেলছেই না! সে হলো বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে। একজন হোম অফিস খেলোয়াড়! গতকালই ইন্টারনেটে এটা দেখলাম। এমন দিনও আসবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে জাতীয় দল বানাতে হবে। এগারোজন পেলের দল!’
নেইমারের চোট ও বিশ্বকাপ
নেইমার কাফে চোটের কারণে এক মাস ধরে পুনর্বাসনে আছেন। বিশ্বকাপে আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারবেন না এই নাম্বার ‘টেন’। এর আগে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ব্রাজিলের প্রথম ম্যাচেও খেলতে পারেননি নেইমার।
হাইতির বিপক্ষে প্রস্তুতি নেওয়া শেষ ব্রাজিলের। এখন মাঠে নামার অপেক্ষা। ব্রাজিল দলের অন্য সদস্যরা হাইতির বিপক্ষে ম্যাচের জন্য ফিলাডেলফিয়ায় গেলেও নেইমার যাননি। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দলের বেজক্যাম্পে রয়ে গেছেন। আশা করা হচ্ছে, পুনর্বাসন শেষে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের তৃতীয় ম্যাচেই মাঠে ফিরবেন এই তারকা ফরোয়ার্ড।



