ইতিহাসের পুনরাবৃত্তির স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেল আফ্রিকার প্রতিনিধিরা। দলের অন্যতম ভরসা ইসমাইল সাইবারি চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারবেন না।
সাইবারির অনুপস্থিতি নিশ্চিত
আজ রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে প্রধান কোচ মোহাম্মদ ওহাবি নিশ্চিত করেছেন, উরুর চোটে ভোগা সাইবারি এই ম্যাচের জন্য অনুপযুক্ত।
ওহাবি বলেন, ‘ইসমাইল সাইবারি ছাড়া সবাই ম্যাচের জন্য প্রস্তুত। এই ম্যাচটি তার জন্য খুব দ্রুত চলে এসেছে। তবে আশা করছি, টুর্নামেন্টের বাকি অংশে তাকে আবারও দলে পাওয়া যাবে।’
সাইবারির বিশ্বকাপ পারফরম্যান্স
সম্প্রতি বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সাইবারি চলতি বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। এরপর শেষ ৩২-এ নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটিও আসে তার পা থেকে। তবে শেষ ষোলোতে কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে উরুর চোটে মাঠ ছাড়তে হয় তাকে। ওই ম্যাচে বদলি হিসেবে নেমে মরক্কোর তৃতীয় গোলটি করেন স্ট্রাইকার সুফিয়ান রহিমি।
কোচের চমকের ইঙ্গিত
সাইবারির অনুপস্থিতিতে কে শুরুর একাদশে জায়গা পাবেন, তা স্পষ্ট করেননি মরক্কো কোচ। তবে ফ্রান্সকে চমকে দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন তিনি। ওহাবির ভাষায়, ‘ফ্রান্সকে মোকাবিলার জন্য আমার হাতে একটি চমক আছে।’
প্রতিশোধের সুযোগ
এই ম্যাচে মরক্কোর সামনে রয়েছে প্রতিশোধের সুযোগও। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল আফ্রিকার দেশটি। তবে অতীত নয়, বর্তমানেই মনোযোগ রাখতে চান ওহাবি।
তিনি বলেন, ‘ফ্রান্স অবশ্যই ফেবারিট। কিন্তু ম্যাচ জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য বিশ্বকাপ জেতা। আমরা আগামীকালের ম্যাচটি জিততেই মাঠে নামব। এখন বাদ পড়লেও সমস্যা নেই—এমন মানসিকতা আমাদের নেই।’



