ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি—ফুটবলের দুই মহাতারকা। একসময় তাঁদের প্রতিদ্বন্দ্বিতা ছিল ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়। উত্তরে রোনালদো, দক্ষিণে মেসি—এই ভাগাভাগি যেন চিরপ্রতিদ্বন্দ্বিতাকে আরও জমজমাট করেছিল। কিন্তু সময় বদলেছে। মেসি এখন ৩৯ বছরে পা রেখেছেন, আর রোনালদোর বয়স ৪১ পেরিয়ে গেছে। শরীরের আগুন নিভে এসেছে, কমেছে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা। তবে জীবন তাঁদের এখন এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে মিলে গেছে দুই কিংবদন্তির নিয়তি।
বিশ্বকাপে প্রথম ও সর্বশেষ গোলের রেকর্ড
বিশ্বকাপের ইতিহাসে কোনো খেলোয়াড়ের প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে সর্বোচ্চ দিন ব্যবধানের রেকর্ডটি এখন যৌথভাবে মেসি ও রোনালদোর। তবে এই রেকর্ডে চমকটা অন্য জায়গায়। পর্তুগিজ কিংবদন্তি ২০০৬ বিশ্বকাপে প্রথম গোল করেন ইরানের বিপক্ষে, ১৭ জুন। বিশ্বকাপে রোনালদোর সর্বশেষ গোল আজ উজবেকিস্তানের বিপক্ষে। তাঁর প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে ব্যবধান ২০ বছর ১১ দিন।
আর্জেন্টাইন কিংবদন্তিরও বিশ্বকাপে প্রথম গোল ২০০৬ বিশ্বকাপে, সার্বিয়ার বিপক্ষে, ১৬ জুন। বিশ্বকাপে মেসির সর্বশেষ গোল গত রাতে (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে। তাঁরও প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে ২০ বছর ১১ দিনের ব্যবধান! দুজনের এমন অবিশ্বাস্য মিল নিয়তি নয় তো আর কী!
অন্য একটি মিল: সর্বকনিষ্ঠ ও সবচেয়ে বয়স্ক গোলদাতা
মিল আছে রেকর্ড বইয়ের আরও একটি পাতায়। বিশ্বকাপে মাত্র তিন খেলোয়াড় তাঁর দেশের সর্বকনিষ্ঠ ও সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ডধারী। ডেনমার্ক কিংবদন্তি মাইকেল লাউড্রপের সেই রেকর্ডে অস্ট্রিয়া ম্যাচে ভাগ বসান মেসি। তারপর আজ সেই ক্লাবে তৃতীয় হিসেবে নাম লেখান রোনালদো।
লাউড্রপ ২১ বছর ৩৫৮ দিন বয়সে ডেনমার্কের হয়ে প্রথম গোল করেন। বিশ্বকাপে তাঁর সর্বশেষ গোল ৩৪ বছর ৯ দিন বয়সে (১৯৯৮ বিশ্বকাপ)।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম গোল ১৮ বছর ৩৫৭ দিন বয়সে। অস্ট্রিয়ার জালে সর্বশেষ গোলের সময় তাঁর বয়স ৩৮ বছর ৩৬৩ দিন।
রোনালদো ২১ বছর ১৩২ দিন বয়সে বিশ্বকাপে পর্তুগালের হয়ে প্রথম গোল করেন। উজবেকিস্তানের বিপক্ষে আজ সর্বশেষ গোলের সময় তাঁর বয়স ৪১ বছর ১৩৮ দিন।
এই দুই মিল দুই কিংবদন্তির ফুটবল জীবনকে এক সুতোয় গেঁথে দিয়েছে। বয়স বাড়লেও তাঁদের কীর্তি চিরকাল অমর হয়ে থাকবে ফুটবলের ইতিহাসে।



