দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলা, নাশকতাসহ নানা অভিযোগে ৮৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। আটকদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।
কুমিল্লা ও নারায়ণগঞ্জে গ্রেফতার
যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান, কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল্লাহ ও মো. ইউনুছ মিয়াকে গ্রেফতার করা হয়। মাদকবিরোধী অভিযানে কেশব বিশ্বাস, মো. আনোয়ার হোসেন ও মো. ফয়সাল আহাম্মেদকে আটক করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও থানা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক মো. তমিজ উদ্দিন এবং কংগাই ইউনিয়ন কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেফতাররা হলেন- থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মাদবর ও ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসু কন্ট্রাক্টর।
লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে অভিযান
লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি কামরান হোসেন রাজু, শেখ ফরিদ শাহীন ও নাজমুল ইসলাম রাব্বীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক মামলায় রুবেল ও সুমনকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রেফতাররা হলেন- পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. জামাল মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল, মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আল-আমিন ও পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মোশাররফ হোসেন পায়েল।
ব্রাহ্মণবাড়িয়া ও বরিশালে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্রেফতাররা হলেন- খাড়েরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মেজবাউর রহমান রিমন ভূঁইয়া, বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের মকবুল হোসেন এবং কাইমপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন।
বরিশালের আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির তালুকদার ও বাগধা ইউনিয়ন যুবলীগ নেতা রেজাউল করিম রিফাতকে গ্রেফতার করা হয়েছে।
রাঙামাটি ও সাতক্ষীরায় আটক
রাঙামাটিতে ১৬ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- ১নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নুরুল হক, জেলা শ্রমিকলীগের সভাপতি মো. কবির, রাঙামাটি সদর কৃষকলীগের সহসভাপতি চম্পক দাশ, ৬নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. নিজাম উদ্দীন, যুবলীগ সদস্য মো. ইলিয়াছ, লংগদু উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি মো. ইসমাইল বেগ, ৬নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. জসিম, ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সদস্য মো. নয়ন, নানিয়ারচর থানা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মো. তারিকুল ইসলাম মিজান ও কাপ্তাই ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. রাসেল। এছাড়া শাহাদত হোসেন জীবন, রাম প্রসাদ শীল, জাহিদুল ইসলাম বাবু, মো. সাইফুল ইসলাম, দুর্জয় কান্তি দে রিন্টু ও হাফিজুর রহমান।
সাতক্ষীরার শ্যামনগরে বিল্লাল হোসেন ও সজিব নামে যুবলীগের দুই কর্মীকে আটক করেছে থানা পুলিশ। গাজীপুরে পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যান্য এলাকায় গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে হামিদুর রহমান তায়েফ সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহের ফুলপুরে গ্রেফতাররা হলেন- রূপসী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক আঙ্গুর ফকির, বালিয়ার আওয়ামী লীগ কর্মী হুমায়ূন কবির, ছাত্রলীগ কর্মী রহিমগঞ্জের মো. রামিম ও গোদারিয়া গ্রামের রাতুল হাসান।
ঝালকাঠির নলছিটিতে গ্রেফতাররা হলেন- মো. মামুন হাওলাদার (মামুন মেকার), মো. সোহাগ হাওলাদার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউর রহমান রাজু। পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরজুকে গ্রেফতার করেছে পুলিশ।
খাগড়াছড়ি পৌর যুবলীগের সদস্য আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সাভারে মহাসড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের ৬ সমর্থককে আটক করেছে পুলিশ।



