বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে প্যারাগুয়ে। সেই ম্যাচে দলের ফুলব্যাক হুয়ান হোসে কাসেরেস আর কিলিয়ান এমবাপ্পের মধ্যে ছিল আলাদা এক লড়াই। ম্যাচ শেষে সেই লড়াইয়ের বিস্তারিত জানালেন কাসেরেস নিজেই।
এমবাপ্পের চুমু খাওয়ার প্রস্তাব
বিদায়ের পর টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন, ‘ভাগ্য ভালো যে আমি সাইডের চেয়ে মাঝখানেই বেশি খেলেছি। তাকে আমাকে কাছে টেনে রাখতে হয়েছিল, নইলে সে আমাকে ছাড়িয়ে চলে যেত।’
পুরো ম্যাচ জুড়ে এমবাপ্পের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের কথাও জানান কাসেরেস। তিনি বলেন, ‘সে আমাকে বলে, ‘কী ব্যাপার? তুমি কি আমাকে চুমু খেতে চাও?’ হা হা। আর আমি বলি... ‘বেশ, তাহলে যখন সুযোগ পাচ্ছ তখনই সেরে ফেলো’।’ এই কথা বলার সময় হাসছিলেন তিনি।
এমবাপ্পের ‘নোংরা ফুটবল’ মন্তব্যে কাসেরেসের ক্ষোভ
জয়সূচক পেনাল্টি গোলদাতা এমবাপ্পে অবশ্য প্যারাগুয়ের খেলার ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা শুধু সুন্দর ফুটবল খেলা একটা দল নই। প্রয়োজনে নোংরা পথেও নামতে হলে আমরা নামব, এই ভাষার জন্য দুঃখিত। আমরাও নোংরা ফুটবল খেলতে জানি, আর আজ আমরা জিতেছি, সেই দিক থেকেও আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।’
এই মন্তব্যে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন কাসেরেস। তিনি বলেন, ‘আমি শুনিনি। সত্যি বলতে, সে কী বলেছে তাও আমি জানি না। সে এসে বলছে আমরা নাকি নোংরা খেলা খেলেছি, জানি না কী সব... আমরা আমাদের কাজটাই করেছি। আমরা মাঠে সব উজাড় করে দিয়েছি।’



