ফুটবল বিশ্বকাপ ২০২৬ চলাকালে একটি পিআর প্রতিষ্ঠান আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার জন্য বড় ফুটবল অ্যাকাউন্টকে টাকার প্রস্তাব দিয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দেখা গেছে, পিআর ৩৬০ ফুটবল কমিউনিকেশন্স নামের একটি প্রতিষ্ঠান ই-মেইলে ‘ডাকাতি’, ‘রিগড’ ও ‘পক্ষপাতদুষ্ট রেফারিং’ শব্দ ব্যবহার করে নির্দিষ্ট দলের বিরুদ্ধে ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
প্রচারণার লক্ষ্য আর্জেন্টিনা ও মেসি
ফুটিজম ও উইনা এফসি নামের দুই ফুটবল বিষয়ক এক্স অ্যাকাউন্ট এই স্ক্রিনশট প্রকাশ করে দাবি করে, তাদেরও এ প্রস্তাব দেওয়া হয়েছিল। উইনা এফসি জানায়, তারা এই আহ্বানে সাড়া দেয়নি। তাদের ভাষ্য, ‘একজন বিখ্যাত ফুটবলার মেসি ও আর্জেন্টিনাকে লক্ষ্য করে একটি সমন্বিত গণমাধ্যম প্রচার অভিযান শুরু করেছেন।’ এই দাবি ফুটবল ভক্তদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে মনে করছেন, এতেই ব্যাখ্যা মেলে কেন টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একই ধরনের আর্জেন্টিনাবিরোধী বার্তা দেখা গেছে।
স্ক্রিনশট যাচাই হয়নি, পিআর প্রতিষ্ঠানের অস্তিত্ব মিলেছে
তবে এখন পর্যন্ত স্ক্রিনশটগুলো স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্য কোনো অ্যাকাউন্ট একই প্রস্তাব পেয়েছে কি না বা এমন কোনো বড় প্রচারণা আদৌ চালানো হয়েছিল কি না, তার প্রমাণ নেই। তবে খোঁজ নিয়ে দেখা গেছে, পিআর ৩৬০ নামের একটি পিআর ফার্মের অস্তিত্ব আছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি কোনো প্রতিবাদ জানায়নি।
আর্জেন্টিনা কোচের কাছে প্রশ্ন
এর আগে ‘ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে?’ এমন প্রশ্ন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে কেপ ভার্দে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তোলা হয়েছিল। সেই প্রশ্নের সূত্রপাত হয়েছিল সামাজিক মাধ্যমে একটি দাবিকে কেন্দ্র করে।



