কিলিয়ান এমবাপেকে থামানো আধুনিক ফুটবলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে মঙ্গলবার (২৩ জুন) রাত ৩টায় ফ্রান্সের মুখোমুখি হবে ইরাক। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাস্যরসের ছলে ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড জানান, তিনি এমবাপেকে ঠেকাতে তিন গোলকিপার খেলানোর অনুমতি চেয়েছিলেন, কিন্তু তা অনুমোদন হয়নি।
গ্রুপ আই-এর গুরুত্বপূর্ণ ম্যাচ
বাংলাদেশ সময় আজ রাত তিনটায় লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ইরাক। এর আগে নরওয়ের কাছে ৪-১ গোলে হেরেছে ইরাক, যেখানে অধিনায়ক ও গোলরক্ষক জালাল হাসান চারটি গোল হজম করেন। এই ম্যাচে কে গোলপোস্ট সামলাবেন, তা এখনো চূড়ান্ত করেননি আর্নল্ড।
কোচের ব্যতিক্রমী কৌশল
আর্নল্ড বলেন, 'আমি জিজ্ঞেস করেছিলাম, আমরা কি একসঙ্গে তিনজন গোলকিপার খেলাতে পারি? কিন্তু তারা সেটি অনুমোদন করেনি।' তিনি আরও বলেন, 'ফ্রান্স কীভাবে খেলবে, সেটি আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে নিজেদের পারফরম্যান্স আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমি চাই আমার খেলোয়াড়রা মাঠে নেমে নিজেদের সামর্থ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরুক।'
এমবাপের মাইলফলক
অন্যদিকে ফ্রান্স শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমবাপে। ইরাকের বিপক্ষে মাঠে নামলেই তিনি ফ্রান্সের জার্সিতে নিজের ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এমবাপে ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। বিশ্বকাপে গোলসংখ্যায় তিনি কিংবদন্তি পেলেকেও ছাড়িয়ে গেছেন এবং টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্রুত এগিয়ে যাচ্ছেন। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন তার দখলে।
এমবাপের প্রতিক্রিয়া
এই অর্জন নিয়ে এমবাপে বলেন, 'জাতীয় দলের হয়ে খেলাটা সবসময়ই বিশেষ অনুভূতির। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছু নেই। ফ্রান্সের হয়ে ১০০টি ম্যাচ খেলা একটি ঐতিহাসিক মুহূর্ত, আর সেটি যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তাহলে তা আরও স্মরণীয় হয়ে ওঠে।'
অন্যান্য ম্যাচ
একই দিন গ্রুপ জেতে রাত ১১টায় আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া গ্রুপ আই-এর অন্য ম্যাচে নরওয়ে ও সেনেগাল সকাল ৬টায় মুখোমুখি হবে মেটলাইফ স্টেডিয়ামে।



