বিশ্বকাপের চলতি আসরে তিন ম্যাচ ড্র করে গ্রুপ পর্ব শেষ করেছে ইরান। তিন পয়েন্ট নিয়ে তাদের পরবর্তী পর্বে ওঠা নির্ভর করছে অন্য ম্যাচের ফলাফলের ওপর। এরই মধ্যে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন ইরানের অধিনায়ক মেহদি তারেমি ও কোচ আমির ঘালেনোই।
ফিফার অব্যবস্থাপনার অভিযোগ
শুক্রবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইরান। ম্যাচ শেষে সিয়াটলের ড্রেসিংরুমে একটি দীর্ঘ বার্তা লিখে রেখে যায় ইরান দল। সেখানে লেখা ছিল, ‘আমরা ইরান থেকে এসেছি। একটি দেশ, যা হাজার বছর ধরে জয়ের চেয়ে সম্মানকে উপরে রেখেছে। আমাদের কাছে ফুটবল শুধু একটি প্রতিযোগিতা নয়, চরিত্রের দৃঢ়তার পরীক্ষা। পয়েন্ট বিভিন্নভাবে জেতা যায়। কিন্তু সম্মান অর্জন করা যায় না। একটি দল গ্রুপ পর্ব পেরতে পারে। কিন্তু স্বচ্ছতা ও সম্মান থাকলে ইতিহাসের সামনেও মাথা উঁচু করে দাঁড়ানো যায়। ফেয়ার প্লে শুধু শব্দবন্ধই নয়, এটাই ফুটবলের আত্মা।’
ভিসা জটিলতায় বিপর্যস্ত ইরান
এর আগে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরও সাজঘরে বার্তা লিখে রেখেছিল ইরান দল। ম্যাচের পর অধিনায়ক মেহদি তারেমি বলেন, ‘খুবই হতাশাজনক বিশ্বকাপ। ফিফা সব সমস্যার সমাধান করে। কিন্তু শুরু থেকেই আমাদের সমস্যার কোনও সমাধান করা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মিস্টার ইনফান্তিনো ড্রেসিংরুমে এসে বলেছিলেন, ‘সবে শুরু হয়েছে।’ অথচ গ্রুপ পর্বই শেষ হয়ে গেল, এখনও কিছুই বদলাল না।’
ইরানের অভিযোগ, তাদের অনেক সাপোর্ট স্টাফ আমেরিকায় ভিসা না পাওয়ায় দলের সঙ্গে থাকতে পারেননি। তারেমি বলেন, ‘আমাদের যাতায়াত ও দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন, তারাই এখানে নেই। তাদের ভিসা দেওয়া হয়নি। প্রতিদিন তিজুয়ানায় যাতায়াত করা সম্ভব নয়। আমরা তিজুয়ানার মানুষকে ভালোবাসি। মেক্সিকোকেও ভালোবাসি। কিন্তু পেশাদার টুর্নামেন্টের একজন পেশাদার ফুটবলার হিসেবে বলছি, এভাবে আয়োজন হওয়া ঠিক হয়নি।’
কোচের প্রতিক্রিয়া
ইরানের কোচ আমির ঘালেনোই বলেন, ‘আয়োজক দেশ আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। যদি আমাদের দুই সপ্তাহ আগে আসার অনুমতি দেওয়া হত, তাহলে শারীরিক ও মানসিকভাবে আমরা অনেক ভালো অবস্থায় থাকতে পারতাম। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। ফিফার কাছে অনুরোধ, ভবিষ্যতে আর কোনও দলের সঙ্গে যেন এমন আচরণ না করা হয়।’



