দারিদ্র্য থেকে গোলমেশিন: রোমেলু লুকাকুর অদম্য লড়াই
দারিদ্র্য থেকে গোলমেশিন: লুকাকুর অদম্য লড়াই

বেলজিয়ামের লাল জার্সিতে রোমেলু লুকাকু এক জীবন্ত কিংবদন্তি। ফুটবলের শরীরী শক্তি আর হৃদয়ের ভেতরের লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই নামটি ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। অ্যান্টওয়ার্প শহরে জন্ম নেওয়া লুকাকুর শৈশব ছিল দারিদ্র্য আর অনিশ্চয়তায় ভরা। ফুটবল ছিল তার কাছে অভাব থেকে পালানোর একমাত্র পথ।

শৈশবের সংগ্রাম ও ফুটবলের প্রতি ভালোবাসা

লুকাকুর বাবা রজার লুকাকু ছিলেন পেশাদার ফুটবলার, কিন্তু ক্যারিয়ার থেমে যায় খুব দ্রুতই। সেই অসমাপ্ত স্বপ্ন যেন ছেলের ভেতর দিয়ে আবার নতুন করে জেগে ওঠে। ছোটবেলায় অনেক সময়ই পরিবারে খাবারের সংকট থাকত, কিন্তু ফুটবলের প্রতি লুকাকুর অদম্য ভালোবাসা কখনো কমেনি। শৈশব থেকেই তার শারীরিক গঠন আলাদা করে চিনিয়েছে। বয়সের তুলনায় অনেক বেশি শক্তিশালী। গতি এবং গোল করার অনবদ্য নৈপুণ্য লুকাকু দ্রুতই নজরে আসেন বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেখটের।

পেশাদার ক্যারিয়ারের শুরু ও ইউরোপজুড়ে পথচলা

অ্যান্ডারলেখটে তার পেশাদার ক্যারিয়ার শুরু। খুব অল্প বয়সেই সিনিয়র দলে জায়গা করে নেন এবং নিয়মিত গোল পান। অ্যান্ডারলেখটের হয়ে তিনি অল্প সময়েই ১৫টির বেশি গোল করে ইউরোপীয় ফুটবলে নিজের জাত চেনান। এরপর শুরু হয় ইউরোপজুড়ে তার পথচলা। ইংল্যান্ডের চেলসি তাকে দলে নিলেও প্রথম দফায় সুযোগ খুব কম পান। প্রিমিয়ার লিগের কঠিন পরিবেশে তিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন। এই ব্যর্থতাই লুকাকুকে থামিয়ে দেয়নি। উল্টো ওপরে উঠে আসার পথ তৈরী হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এভারটনে উত্থান ও ইন্টার মিলানে সাফল্য

ধার হিসেবে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ও পরে এভারটনে খেলার সময় লুকাকু নিজের আসল রূপ দেখান। এভারটনের জার্সিতে এক মৌসুমেই তিনি ২০টির বেশি গোল করেন। তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় আসে ইতালির ইন্টার মিলানে। সেখানে তিনি শুধু গোলই করেননি, বরং হয়ে ওঠেন দলের আক্রমণের মূল কারিগর। দুই মৌসুমে প্রায় ৬০টি গোল ও অ্যাসিস্টে সরাসরি অবদান রেখে তিনি সিরি আ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সময়ই তিনি ইউরোপের শীর্ষ ফরোয়ার্ডদের তালিকায় নিজের অবস্থান পাকাপোক্ত করেন। লাউতারো মার্টিনেজের সঙ্গে তার জুটি হয়ে ওঠে প্রতিপক্ষ রক্ষণভাগের জন্য এক ভয়ংকর দুঃস্বপ্ন।

চেলসিতে ফেরা ও জাতীয় দলের ইতিহাস

লুকাকু আবারও তিনি ফিরে যান চেলসিতে, কিন্তু প্রত্যাশা ও বাস্তবতার মেলবন্ধন হয়নি। এরপর বিভিন্ন ক্লাব ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে তিনি আবারও নিজেকে গড়ে তোলেন একজন অভিজ্ঞ গোলমেশিন হিসেবে। বেলজিয়াম জাতীয় দলে লুকাকু ইতিহাসের সবচেয়ে সফল গোলদাতা। জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা ৮০ এরও বেশি, যা তাকে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার পেশাদার ক্যারিয়ারের গোল সংখ্যা ৩০০র বেশি।

বিশ্বকাপ মঞ্চে লুকাকুর অবদান

বিশ্বকাপ মঞ্চেও লুকাকু বেলজিয়ামের আক্রমণের প্রধান অস্ত্র। ২০১৪ বিশ্বকাপে তিনি গোল করে নিজের উপস্থিতি জানান দেন। ২০১৮ বিশ্বকাপে চারটি গোল এবং অসাধারণ পারফরম্যান্স দিয়ে বেলজিয়ামকে সেমিফাইনালের পথে নিয়ে যান। বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার শারীরিক উপস্থিতি ও অ্যাসিস্ট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, যা এখনো স্মরণীয়।

ব্যক্তিগত জীবন ও শেকড়ের প্রতি টান

ব্যক্তিগত জীবনে লুকাকু সবসময় নিজের শেকড়কে আঁকড়ে ধরে রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হলেও তিনি পরিবারকে সবচেয়ে বড় শক্তি মনে করেন। বিশেষ করে তার মা রোজেন্থার লুকাকুর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শৈশবের দারিদ্র্য, সংগ্রাম আর ব্যর্থতার কথা কখনো লুকান না। লুকাকুর অদম্য ইচ্ছাশক্তি এবং তার লড়াইয়ের মানসিকতা তাকে এতদূর উঠিয়ে এনেছে। ফুটবল ইতিহাসে লুকাকুর নাম শুধু পরিসংখ্যানের হিসেবে নয়, লেখা থাকবে স্বর্ণালী অক্ষরে।