দৈনিক যুগান্তরের ডিজিটাল বিভাগের সাংবাদিকদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দলকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল সমর্থক দল। শনিবার বিকেল ৪টায় যমুনা ফিউচার পার্কের টার্ফে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচের বিবরণ
টানটান উত্তেজনাকর এই ম্যাচে প্রথমার্ধেই দুর্দান্ত এক গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন সাদ্দাম হোসেন ইমরান। দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা সমর্থকরা, কিন্তু ব্রাজিলের রক্ষণভাগ ও গোলকিপারের প্রাচীর ভাঙতে পারেনি তারা। খেলার শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে ব্রাজিলের আবির হোসেন আরও একটি দর্শনীয় গোল করে দলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আবদুল্লাহ আল মামুন।
দল ও কোচ
ব্রাজিল সমর্থিত দলের কোচের দায়িত্ব পালন করেন যুগান্তর মাল্টিমিডিয়া বিভাগের ইনচার্জ অমিত হাসান রবিন। দলে খেলোয়াড় হিসেবে অংশ নেন আবদুল্লাহ আল মামুন (অধিনায়ক), চমং মারমা, সাদ্দাম হোসেন ইমরান, হেলাল নীরব, তুর্য, পারভেজ, আবির, আরিফ, সায়েম, অনিক ও জাবের।
আর্জেন্টিনা সমর্থিত দলের কোচের দায়িত্ব পালন করেন যুগান্তর মাল্টিমিডিয়া বিভাগের শিফট ইনচার্জ আশরাফুল ইসলাম। দলে খেলোয়াড় হিসেবে অংশ নেন সাদ্দাম হোসেন (অধিনায়ক), রিফাত হোসেন লিওন, জাহিদুল ইসলাম, রিফাত, নাঈম, শাওন, রুহুল আমিন, রাফিদ বিল্লাহ, আব্দুল আলীম, আসিফ, শাহাদাতুর রহমান ও মাহমুদ ফিরোজ।
আয়োজন ও পুরস্কার বিতরণ
এই আয়োজনের সার্বিক তত্বাবধান করেন দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক বিএম জাহাঙ্গীর। শৃঙ্খলা কমিটির দায়িত্ব পালন করেন যুগান্তর ডিজিটাল বিজনেস বিভাগের প্রধান রবিউল ইসলাম রানা এবং ওয়েব ডেভেলপমেন্ট টিমের প্রধান মিরাজ বাপ্পি। রেফারির দায়িত্ব পালন করেন যুগান্তর অনলাইন বিভাগের শিফট ইনচার্জ খালিদ হাসান।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক এনাম আবেদীন এবং যুগ্ম সম্পাদক বিএম জাহাঙ্গীর। অতিথিবৃন্দ বিজয়ী ও পরাজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
হার-জিত ছাপিয়ে এই আয়োজনটি রূপ নিয়েছিল দুই দলের সমর্থকদের এক মিলনমেলায়।



