গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে চলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। প্রায় দেড় যুগ পর গাজীপুরে ফুটবল খেলা প্রাণ ফিরে পেয়েছে। বৃহস্পতিবার টুর্নামেন্টের ষষ্ঠ দিনে ম্যাচ খেলেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া জেলা একাদশ বনাম ভাষানটেক একাদশ মিরপুর, ঢাকা।
টুর্নামেন্টে ১৬ জেলা দলের অংশগ্রহণ
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহবায়ক গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু জানিয়েছেন, সারা দেশ থেকে মোট ১৬টি জেলা টিম অংশগ্রহণ করছে। খেলা চলাকালে স্টেডিয়ামের গ্যালারিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিল এবং ব্যাপক উন্মাদনার মধ্য দিয়ে মিরপুর ভাষানটেক একাদশকে ২-০ গোলে হারিয়ে বগুড়া জেলা একাদশ বিজয় লাভ করে দ্বিতীয় রাউন্ডে সেরা আটে চান্স পেয়েছে।
উদ্বোধন ও অতিথিদের উপস্থিতি
উল্লেখ্য, গত ২০ জুন এ টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। এ সময় গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার, জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার, জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির নেতারা খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তুলছেন।



