ফিফার লাল কার্ড বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক লিভারপুল কোচ ও জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ এবং নরওয়ের কোচ স্টেল সোলবাকেন। বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগের দিন ফিফা যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে খেলার অনুমতি দেয়। এই সিদ্ধান্তকে ‘পাগলামি’ ও ‘বিপজ্জনক নজির’ বলে আখ্যা দিয়েছেন তারা।
ট্রাম্প-ইনফান্তিনো আলোচনায় ফিফার ইউটার্ন
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখা বালোগানের জন্য নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা অবধারিত ছিল। ফিফা আগেই জানিয়েছিল, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে এক আলোচনার পর ফিফা নিজেদের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ায়। বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে বেলজিয়াম ম্যাচে খেলার অনুমতি দেওয়া হয়।
ক্লপের ক্ষোভ: ‘এটা আমাদের খেলা, ওদের নয়’
ম্যাজেন্টা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষুব্ধ ক্লপ বলেন, ‘যদি সত্যিই এমনটা হয়ে থাকে, তবে সেটা পাগলামি ছাড়া আর কিছু নয়। একটা কথা পরিষ্কার বলে দেওয়া ভালো—এটা আমাদের খেলা, ওদের নয়। ফুটবল নিয়ে কোনো ধারণা না থাকা এই দুই ব্যক্তির ফুটবলীয় সিদ্ধান্তের সঙ্গে যুক্ত থাকার কোনো অধিকার নেই। ওটা সরাসরি লাল কার্ড ছিল, এটা নিয়ে দুটি মত থাকার সুযোগ নেই। আমরা বালোগানের জন্য দুঃখিত, কারণ ও ইচ্ছে করে ফাউলটি করেনি। কিন্তু নিয়ম তো নিয়মই।’
সোলবাকেনের সতর্কবার্তা: বিশ্বকাপ কলঙ্কিত হচ্ছে
ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে নিজের দলের জয় উদযাপন একপাশে সরিয়ে রেখে ফিফাকে একহাত নিয়েছেন নরওয়ের কোচ স্টেল সোলবাকেন। তিনি বলেন, ‘আমি সত্যিটাই বলছি। ফিফা মস্ত বড় একটা ভুল করেছে। এটা মোটেও ভালো সিদ্ধান্ত নয়। সে লাল কার্ড পেয়েছিল এবং ভিএআর যাচাই করেই তা দেওয়া হয়েছিল। এরপর নিষেধাজ্ঞা থাকাটাই স্বাভাবিক। খারাপ লাগছে এটা ভেবে যে যুক্তরাষ্ট্র যদি বেলজিয়ামকে হারিয়ে দেয়, তবে এই বিতর্কটা আজীবন থেকে যাবে। বালোগান যদি গোল করে, তবে বেলজিয়ামের ফুটবলাররা ক্ষোভে ফেটে পড়বে। পরবর্তী লাল কার্ডের বেলায় কী হবে? পর্দার আড়ালে কি এমন কোনো কমিটি থাকবে যারা শাস্তি মওকুফ করে দেবে? এটা খুবই, খুবই, খুবই বাজে একটা সিদ্ধান্ত, যা বিশ্বকাপকে কলঙ্কিত করছে। আমি যুক্তরাষ্ট্রের জন্য দুঃখ প্রকাশ করছি, কারণ ওরা জিতলেও এই অপবাদটা পিছু ছাড়বে না। ফুটবলের জন্য এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয়।’
বেলজিয়ামকেও আপিলের অনুমতি
বিতর্ক এখানেই থামছে না। শেষ মুহূর্তে ফিফা বেলজিয়ামকেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছে। ফলে সোমবারের বেলজিয়াম–যুক্তরাষ্ট্র ম্যাচের আগে মাঠের চেয়ে মাঠের বাইরের উত্তাপই এখন বাড়িয়ে দিচ্ছে ফুটবলপ্রেমীদের স্নায়ুচাপ। বিশ্বকাপের মাঠে ট্রাম্প ও ইনফান্তিনোর এই ‘পাসিং গেম’ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়।



