নতুন নিয়মের বেড়াজালে পড়ে বিশ্বকাপ মিশন শুরুর একদম শেষ মুহূর্তে নিজেদের অফিসিয়াল জার্সিতে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে মিসর। শুধু মিসরই নয়, রাজনৈতিক বার্তার অজুহাতে ক্যারিবীয় দেশ হাইতির জার্সির একটি বিশেষ ডিজাইনও নিষিদ্ধ করেছে ফিফা।
মিসরের জার্সি থেকে সাত তারা সরছে
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ইতিহাসের সবচেয়ে সফল দল মিসর। মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের স্মারক হিসেবে তারা সবসময় নিজেদের জার্সিতে গর্বের ‘৭টি তারা’ প্রদর্শন করে থাকে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের জন্য ফিফা তাদের নতুন ইকুয়েপমেন্ট নিয়মে পরিষ্কার জানিয়ে দিয়েছে- বিশ্বকাপের ট্রফি জয় ছাড়া অন্য কোনো আঞ্চলিক বা মহাদেশীয় টুর্নামেন্ট জয়ের তারা জার্সিতে প্রদর্শন করা যাবে না। ফলে সালাহদের জার্সি থেকে এই ৭টি তারা মুছে ফেলতে হচ্ছে।
তারার পাশাপাশি মিসরের জার্সির খেলোয়াড়দের জার্সির নম্বরের রঙও বদলে যাচ্ছে। মিসরীয় ফুটবল ফেডারেশন তাদের জার্সির পেছনে সোনালী রঙের নম্বর ব্যবহার করেছিল। কিন্তু ফিফা টেলিভিশন সম্প্রচার এবং রেফারিদের মাঠে দ্রুত নম্বর চেনার সুবিধার কথা মাথায় রেখে সোনালী রঙ বাতিল করে তা পুরোপুরি সাদা করার নির্দেশ দিয়েছে।
হাইতির জার্সি থেকে ঐতিহাসিক ছবি বাদ
মিসরের আগে এই একই জার্সির গ্যাঁড়াকলে পড়েছে ক্যারিবীয় দেশ হাইতিও। ৫২ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলটির জার্সিতে ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ভার্টিয়ার্সের যুদ্ধ’ এর একটি চমৎকার ইলাস্ট্রেশন ও জাতীয় পতাকা এমবেড করা হয়েছিল, যা ফ্রান্সের কাছ থেকে দেশটির স্বাধীনতা অর্জনের এক ঐতিহাসিক প্রতীক। কিন্তু ফিফার ১৪.২ ধারা অনুযায়ী, খেলোয়াড়দের কিটে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা কিংবা ছবি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। ফিফা এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করায় হাইতি তাদের জার্সি থেকে সেই যুদ্ধের ছবি বাদ দিতে বাধ্য হয়েছে।



