এক যুগ পর বিশ্বকাপের মূল পর্বে ফিরে নতুন জার্সি উন্মোচনের আনন্দ মিশরের জন্য ক্ষণস্থায়ী হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই ফিফা জার্সির নকশা নিয়ে আপত্তি জানিয়ে পরিবর্তনের নির্দেশ দিয়েছে। ফিফার আপত্তির মূল কেন্দ্রে রয়েছে মিশরের জাতীয় প্রতীকে থাকা সাতটি তারকা এবং খেলোয়াড়দের নাম ও নম্বরের জন্য ব্যবহৃত সোনালি রং।
সাত তারকার ঐতিহ্য সরাতে হবে
আফ্রিকান ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল মিশর। আফ্রিকান কাপ অব নেশনসে সাতবার শিরোপা জয়ের স্মারক হিসেবে জাতীয় দলের প্রতীকে সাতটি তারকা ব্যবহার করা হয়। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এই তারকা রাখা যাবে না। ফিফার নিয়ম অনুযায়ী, জার্সির তারকা শুধুমাত্র বিশ্বকাপ জয়ের প্রতীক। ব্রাজিলের পাঁচটি, ইতালি ও জার্মানির চারটি এবং আর্জেন্টিনার তিনটি তারকা বিশ্বকাপ জয়েরই নিদর্শন। উরুগুয়ে বিশেষ অনুমতি নিয়ে চারটি তারকা ব্যবহার করে, কারণ তারা ১৯২৪ ও ১৯২৮ অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদক জিতেছিল। অন্যদিকে মিশরের তারকাগুলো আফ্রিকান সাফল্যের প্রতিনিধিত্ব করলেও বিশ্বকাপের সঙ্গে সম্পর্কহীন। বিশ্বকাপ ইতিহাসে মিশর কখনো গ্রুপ পর্বও অতিক্রম করতে পারেনি। ফলে ফিফার নিয়ম অনুযায়ী তাদের জার্সি থেকে তারকা সরাতে হচ্ছে। ২০১৮ বিশ্বকাপেও একই কারণে তারকাবিহীন লোগো ব্যবহার করেছিল মিশর।
সোনালি রঙ নিয়ে আপত্তি
খেলোয়াড়দের নাম ও নম্বরের জন্য ব্যবহৃত সোনালি রঙ নিয়েও আপত্তি তুলেছে ফিফা। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা নান্দনিকতা বিবেচনায় এই রং ব্যবহার করলেও ফিফার মতে, টেলিভিশন সম্প্রচার বা স্টেডিয়ামের আলোতে এটি যথেষ্ট স্পষ্ট নয়। দূর থেকে খেলোয়াড়দের শনাক্ত করতে রেফারি, কর্মকর্তা ও দর্শকদের সমস্যা হতে পারে। তাই নাম ও নম্বরের জন্য সাদা বা হালকা রঙ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যান্য দলও ফিফার কড়াকড়ির মুখে
শুধু মিশর নয়, জার্সি নিয়ে ফিফার কড়াকড়ির মুখে পড়েছে আরও কয়েকটি দল। হাইতির জার্সিতে ঐতিহাসিক ‘ব্যাটল অব ভার্তিয়ের’-এর চিত্র ব্যবহার করায় তা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। মরক্কোর জার্সিতেও নাম ও নম্বরের রং নিয়ে আপত্তি জানিয়ে সংশোধনের নির্দেশ দিয়েছে ফিফা।
ফলে বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে ব্যবহৃত জার্সি আর মূল টুর্নামেন্টে ব্যবহার করতে পারবে না মিশর। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে নতুন সংস্করণের জার্সি প্রস্তুত করতে হচ্ছে পুমাকে। সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে শুধু মাঠের পারফরম্যান্সই নয়, জার্সির নকশা ও উপস্থাপনাও ফিফার কঠোর নিয়মের আওতায়। সেই নিয়ম মেনেই সাত তারকার ঐতিহ্য সাময়িকভাবে সরিয়ে বিশ্বকাপ মিশনে নামতে হচ্ছে মিশরকে।



