গতকাল রাতে দালাসে মিসর-অস্ট্রেলিয়া ম্যাচে টাইব্রেকারের আগে দেখা গেছে অভিনব এক দৃশ্য। ১২০ মিনিট পর্যন্ত দুই দলের স্কোর ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকার শুরুর আগে মিসরের ফুটবলাররা একত্রিত হয়ে একটি ভিডিও দেখছিলেন। ভিডিওটি ছিল চলতি বছর লা লিগায় রিয়াল মাদ্রিদ-লেভান্তে ম্যাচের। কিন্তু কেন এই ভিডিও দেখতে হলো মোহাম্মদ সালাহদের?
রিয়াল মাদ্রিদের ভিডিও দেখার রহস্য
উত্তরটি লুকিয়ে আছে রিয়াল মাদ্রিদ-লেভান্তের সেই ম্যাচেই। গত জানুয়ারিতে অনুষ্ঠিত ওই ম্যাচে ৫৭ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। লেভান্তের গোলকিপারকে পরাস্ত করে স্পটকিক থেকে বল জালে জড়ান রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে। লেভান্তের সেই গোলকিপারের নাম ম্যাট রায়ান, যিনি গতকাল অস্ট্রেলিয়া দলের পোস্ট সামলেছেন। যোগসূত্রটি এখানেই।
ভিডিও দেখাটা যে কাজে লেগেছে, সেটাও বলতে হবে। টাইব্রেকারে একটি কিকেও ভুল করেনি মিসর। চারটি কিকের চারটিতেই গোল। মাহমুদ সাবের, রামি রাবিয়া, মোহাম্মদ সালাহ ও হোসাম আবদেলমুগাইদ—সবাই পেয়েছেন গোল। সালাহরটা তো ছিল ঠান্ডা মাথার পানেনকা শট।
ম্যাট রায়ানের বদলি নামা
মজার ব্যাপার হলো, ম্যাট রায়ান এ ম্যাচের একাদশে শুরুতে ছিলেন না। ১১৮ মিনিটে বদলি নামেন নিয়মিত গোলকিপার প্যাট্রিক বিচের জায়গায়। বিচ এ বিশ্বকাপে বেশ ভালোই করেছেন, কিন্তু রায়ানকে ‘টাইব্রেকার-স্পেশালিস্ট’ হিসেবে নামিয়েছেন অস্ট্রেলিয়া কোচ। তবে টোটকাটা কাজে আসেনি। শেষ পর্যন্ত রায়ানের বিপক্ষে ‘বাড়ির কাজে’ সহায়তার জন্য রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ দিতে পারে মিসর।



