কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রমের রেকর্ড ১৫ সেভে ইকুয়েডরকে ড্র
কুরাসাওয়ের রমের ১৫ সেভে ইকুয়েডরকে ড্র

বিশ্বকাপ অভিষেকে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়া কুরাসাও এবার বিশ্বমঞ্চে অবিশ্বাস্য এক ম্যাচের জন্ম দিয়েছে। গোলরক্ষক এলয় রমের রেকর্ডগড়া ১৫ সেভে ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপদেশটি।

ম্যাচের নায়ক এলয় রম

৩৭ বছর বয়সী এই গোলরক্ষক শনিবার গ্রুপ ‘ই’-তে ইকুয়েডরের বিপক্ষে অবিশ্বাস্য ১৫টি সেভ করেন। তার অনন্য পারফরম্যান্সে ০-০ গোলের ড্র করে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে কুরাসাও। বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়া কোনো ম্যাচে এককভাবে এত সেভ আর কোনো গোলরক্ষক করতে পারেননি।

দলের প্রতিক্রিয়া

কানসাস সিটিতে ম্যাচ শেষের বাঁশি বাজার পর কুরাসাওয়ের খেলোয়াড় ও সমর্থকদের উল্লাস ছিল দেখার মতো। কয়েক দিন আগেই বিশ্বকাপ অভিষেকে জার্মানির কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল তারা। রম বলছিলেন, ‘এটা আমাদের জন্য সবকিছু। আমাদের কাছে এটি জয়ের মতো অনুভূতি। বিশ্বকাপে এটি আমাদের প্রথম পয়েন্ট, তাই এর গুরুত্ব অনেক।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, ‘আমরা কোথা থেকে এসেছি, কতটা পথ পাড়ি দিয়ে এখানে পৌঁছেছি, সেটা জানলে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হবে। আজ আমরা দেখিয়েছি, এই দলের সত্যিকারের একটা হৃদয় আছে। অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রেকর্ড নিয়ে মজার মন্তব্য

বর্তমানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্তরের ক্লাব মায়ামি এফসিতে খেলা রম মজা করে বলেছেন, বিশ্বকাপে এক ম্যাচে সর্বাধিক সেভের রেকর্ড হাতছাড়া হওয়ায় তার কিছুটা আফসোস আছে। বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ১৬ সেভের রেকর্ড এখনো যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়সহ ম্যাচটিতে এই কীর্তি গড়েছিলেন তিনি। রম হাসতে হাসতে বলেন, ‘আমার মনে হয় সে (হাওয়ার্ড) বাসায় বসে ম্যাচ দেখে ঘামছিল। তবে শুনেছি এটাও অনেক পুরোনো একটি রেকর্ড। তাই আমি গর্বিত।’

মূর্তি নিয়ে কৌতুক

নিজের সাফল্যের কৃতিত্ব পুরো দলকে দিলেও রসিকতা করতে ভোলেননি কুরাসাও গোলরক্ষক, ‘পুরো দলের জন্য গর্বিত। কারণ আমরা দল হিসেবেই এটি করেছি। আমি সেভ করেছি, কিন্তু পুরো দল লড়েছে। যারা বদলি হিসেবে নেমেছে, তারাও অবদান রেখেছে।’ এরপরই মজা করে বলেছেন, ‘তবে আমার মনে হয়, এখন কুরাসাওয়ে আমার একটা মূর্তি হওয়া উচিত।’