ক্রিশ্চিয়ানো রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ৬টি নতুন রেকর্ড গড়েছেন। ২৪ জুন ২০২৬ তারিখে নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে পর্তুগাল ৫-০ গোলের বড় জয় পায় এবং নকআউট পর্বে খেলা নিশ্চিত করে।
ছয় আসরে গোলের অনন্য নজির
রোনালদো প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার কীর্তি গড়েছেন। আর্জেন্টিনার লিওনেল মেসির পাঁচটি আসরে গোল আছে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ মিলিয়ে ১১ টুর্নামেন্ট
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ মিলিয়ে ১১টি বড় টুর্নামেন্টে গোল করার রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ। ইয়ুর্গেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লোসা ও জেরদান শাকিরি ছয়টি করে টুর্নামেন্টে গোল করে অনেক পেছনে আছেন।
দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা
৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা হয়েছেন রোনালদো। তার সামনে আছেন ক্যামেরুনের রজার মিলা (৪২ বছর ৩৯ দিন)। তবে ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে বড় টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ডটি এখন রোনালদোর দখলে।
পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা
দ্বিতীয় গোলটির মাধ্যমে বিশ্বকাপে স্বদেশি কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে এককভাবে পর্তুগালের জার্সিতে সর্বোচ্চ ১০টি গোলের মালিক হয়েছেন রোনালদো। ২৪ ম্যাচে তিনি ২০০৬ সালে একটি, ২০১০ সালে একটি, ২০১৪ সালে একটি, ২০১৮ সালে হ্যাটট্রিকসহ চারটি এবং ২০২২ সালে একটি গোল করেছিলেন।
মেসিকে পেছনে ফেলে জোড়া গোল
সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে জোড়া গোল করার কীর্তি নিজের করে নিয়েছেন রোনালদো। এর আগে সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
নিজ দেশের সর্বকনিষ্ঠ ও প্রবীণ গোলদাতা
একাধিক গোলদাতা রয়েছে এমন দেশগুলোর মধ্যে তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে নিজ দেশের সবচেয়ে কম ও বেশি বয়সী গোলদাতা হওয়ার জোড়া সম্মান অর্জন করেছেন রোনালদো। এর আগে এই কীর্তি ছিল কেবল ডেনমার্কের মাইকেল লাউড্রপ ও আর্জেন্টিনার মেসির। বিশ্বকাপে রোনালদো তার প্রথম গোল করেছিলেন ২০০৬ সালে ইরানের বিপক্ষে পেনাল্টি থেকে, তখন তার বয়স ছিল ২১ বছর ১৩২ দিন।



