বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। দায়িত্ব পেয়েছেন রোমানিয়ার অভিজ্ঞ রেফারি ইস্তভান কোভাচ, যিনি সম্প্রতি একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে ইউরোপীয় ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য আনুষ্ঠানিকতা
আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য আনুষ্ঠানিকতা মাত্র। তবে রেফারি হিসেবে কোভাচের নিয়োগ নিয়ে ফুটবল অঙ্গনে আগ্রহের কমতি নেই।
কোভাচের বিশ্বকাপে অভিষেক
৪১ বছর বয়সি এই রোমানিয়ান রেফারি চলতি বিশ্বকাপে এর আগে জাপান ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচ পরিচালনা করেছেন। ম্যাচটি ছিল ফিফা বিশ্বকাপ ইতিহাসের এক হাজারতম ম্যাচ। সেই লড়াইয়ে জাপান ৪-০ গোলের বড় জয় পেয়েছিল। এবারই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচে বাঁশি বাজাতে যাচ্ছেন কোভাচ।
চ্যাম্পিয়নস লিগে বিতর্ক
সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মধ্যকার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে পেনাল্টি বক্সে একটি সম্ভাব্য হ্যান্ডবলের ঘটনা উপেক্ষা করা এবং বার্সেলোনার ডিফেন্ডার পাও কুবারসিকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের পরামর্শে সিদ্ধান্ত পরিবর্তন করে সরাসরি লাল কার্ড দেন কোভাচ। ওই ম্যাচে ২-০ গোলে পরাজিত হওয়ার পর বার্সেলোনা উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জমা দেয়। এরপর থেকে চ্যাম্পিয়নস লিগের আর কোনো ম্যাচে দায়িত্ব পাননি তিনি।
অভিজ্ঞতার ঝুলি
তবে বিতর্কের পাশাপাশি ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবেও পরিচিত কোভাচ। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত ৩২১টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এসব ম্যাচে দেখিয়েছেন ১,৭৩৯টি হলুদ ও ৫৫টি লাল কার্ড। চ্যাম্পিয়নস লিগে তার অভিজ্ঞতার ঝুলিও সমৃদ্ধ। ইতোমধ্যে ৩৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি, যার মধ্যে রয়েছে ২০২৫ সালের ফাইনাল। এছাড়া ২০২১-২২ মৌসুমের উয়েফা কনফারেন্স লিগ এবং ২০২৩-২৪ মৌসুমের উয়েফা ইউরোপা লিগের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন এই রেফারি।
সহকারী রেফারি প্যানেল
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে তাকে সহায়তা করবেন স্বদেশি সহকারী রেফারি মিহাই মারিকা ও ফেরেঞ্চ তুনইয়োগি। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন মৌরিতানিয়ার দাহানে বেইদা। আর রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন অ্যাঙ্গোলার জেরসন সান্তোস।



