ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
নিহত মাহিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে। সে পাঁচভাগ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য মাহিন শেখ ও তার চাচাতো ভাই ফাহিম শেখ বাড়ির পাশের একটি আমগাছে ওঠে। একপর্যায়ে পতাকা টাঙানোর জন্য ব্যবহৃত বাঁশটি হেলে গিয়ে আমগাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে মাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
উদ্ধার ও মৃত্যু
এ সময় নিচে থাকা ফাহিমের চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ছুটে এসে মাহিনকে উদ্ধার করেন। তাকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বক্তব্য
নিহত স্কুলছাত্রের চাচাতো ভাই রায়হান শেখ বলেন, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহিনের মৃত্যু হয়েছে।
পুলিশের পদক্ষেপ
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পতাকা টাঙাতে গিয়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।



