বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘বাংলা ট্রিবিউন দেশের সব খেলাকে তুলে ধরার চেষ্টা করছে’। বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেন।
ওআইসি সম্মেলনে তুরস্কে অবস্থান করে শুভেচ্ছা
ক্রীড়া প্রতিমন্ত্রী এখন ওআইসি যুব সম্মেলনে যোগ দিতে তুরস্কে অবস্থান করছেন। সেখান থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলা ট্রিবিউনের ১২ বছরপূর্তি উপলক্ষে আমি প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এই ডিজিটাল যুগে একটি পোর্টাল হাটি হাটি পা পা করে এখন এক যুগ পার করেছে। এটা অনেক বড় বিষয়। দেশে গণমাধ্যমে বা অনলাইনের মধ্যে তারা আলাদা করে জায়গা করে নিয়েছে।’
খেলাধুলার প্রতি দৃষ্টিভঙ্গি
জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘একজন ক্রীড়া প্রতিমন্ত্রী বা সাবেক ফুটবলার হয়ে আমি বলবো, বাংলা ট্রিবিউন দেশের সব খেলাকে তুলে ধরার চেষ্টা করছে। দেশের খেলাগুলোকে নানানভাবে লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলছে। এটা অনেক ভালো দিক। খেলোয়াড়দের পাশাপাশি সংগঠকরাও এতে করে উপকৃত হচ্ছে। আবার ক্রীড়াঙ্গনে সমস্যা নিয়েও কথা বলছে। এতে করে আমাদের ক্রীড়া উন্নয়নে এগিয়ে যেতে সুবিধা হচ্ছে। পাঠকরাও পাচ্ছে নিত্য নতুন খেলার খবর।’
তিনি বাংলা ট্রিবিউনের সাফল্য কামনা করে বলেন, ‘আশা করছি সামনের দিকে বাংলা ট্রিবিউন আরও এগিয়ে যাবে। আমাদের ক্রীড়াঙ্গণ নিয়ে আরও লেখালেখি হবে। পরিশেষে আবারও বাংলা ট্রিবিউনের যুগপূর্তিতে সবাইকে অভিনন্দন।’
এক যুগের পথচলা
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে।
শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিশিষ্টজনেরা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।



