ডাকাতিয়া নদীতে কলেজছাত্র নিখোঁজ, উদ্ধার অভিযান স্থগিত
ডাকাতিয়া নদীতে কলেজছাত্র নিখোঁজ, উদ্ধার অভিযান স্থগিত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ডাকাতিয়া নদীতে ডুবে শিহাব হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীর পরিচয়

নিখোঁজ শিহাব হোসেন উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে। তিনি চট্টগ্রাম নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ঈদের ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন তিনি।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন শিহাব। একপর্যায়ে তিনি ডাকাতিয়া নদীতে নামার পর প্রবল স্রোতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার অভিযান

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক তল্লাশিতে শিহাবের কোনো সন্ধান না পাওয়ায় চাঁদপুর থেকে বিশেষ ডুবুরি দলকে ডাকা হয়। ডুবুরি দল ঘটনাস্থলে এসে নদীতে ব্যাপক তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রের সন্ধান মেলেনি।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হৃদয় জানান, অন্ধকার নেমে আসায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ