জাতীয় দলের কোচ ফিল সিমন্সের সঙ্গে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শামসুল হক গত দেড় বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখেছে তিনজন সভাপতি, তাদের সবাই আবার জাতীয় দলের সাবেক অধিনায়কও। এই সময়ে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে কম জল ঘোলা হয়নি, তৈরি হয়েছে অনেক বিতর্কও।
অ্যাডহক কমিটি ও মাঠের ক্রিকেট
শেষ পর্যন্ত গত এপ্রিলে অস্বচ্ছতার অভিযোগে আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক কমিটি করে এনএসসি। এই সময়ে মাঠের ক্রিকেটেও অনেক উত্থান–পতনের সাক্ষী হয়েছে বাংলাদেশ। বাইরের ওসব ঘটনা কী প্রভাব ফেলে মাঠের ক্রিকেটেও? প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রকে দেওয়া সাক্ষাৎকারে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, ‘আমাদের কাজ খেলা, আমরা খেলি (অনেকে বলে)—আমি এমন বলি না। কিছুদিন আগেও বলেছি এই কথা, সবাই বলি যে মাঠের ক্রিকেট নিয়ে আমরা খুব ফোকাস। এগুলো যদি কেউ বলে, মিথ্যা কথা বলছে। অবশ্যই (বাইরের ঘটনা) প্রভাব ফেলে।’
তবে নাজমুল বলছেন মানিয়ে নেওয়ার কথাও, ‘কিন্তু দিন শেষে পেশাদার ক্রিকেটার, এটা মানিয়ে নিতেই হবে। কিন্তু এই জিনিসগুলো যেন না হয়, এগুলো কম হলে খেলোয়াড়েরা আরেকটু পরিষ্কার থাকে, আরেকটু বিশ্বাস পায়, আরেকটু আত্মবিশ্বাস পায়। খেলোয়াড়দের তো অনেক চাহিদা থাকে, মন খুলে তারা তখন ওই সাহস করে বলতে পারে ক্রিকেট বোর্ডের কাছে যে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন।’
ড্রেসিংরুমের সংস্কৃতি বদল
২০২৪ সালের শুরুতে তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক হন নাজমুল। এর পর থেকে মাঠের ক্রিকেটে দলের উন্নতির ছাপ ছিল স্পষ্ট। শুধু মাঠ নয়, ড্রেসিংরুমের সংস্কৃতি বদলাতেও ভূমিকা রাখেন নাজমুল। তেমনই একটি গল্পও তিনি শুনিয়েছেন সাক্ষাৎকারে।
নাজমুল বলেছেন, ‘আমার মনে হয় প্রতিটা মানুষের অবদান আছে। কোচিং স্টাফ থেকে শুরু করে দলে যারা আমাদের সাহায্য করার জন্য থাকে, যারা ম্যাচ খেলে বা যারা ম্যাচ খেলে না। যে ম্যাচ খেলছে না, ওর তো এমনিই মন খারাপ। তার ওপরেও যে সাপোর্ট করছে, এটা তো অনেক বড় একটা ব্যাপার। আমি যেটা বললাম, ড্রেসিংরুমের সংস্কৃতিগুলোর মধ্যে কিন্তু এগুলোর মধ্যে পড়ে, যে ঠিক আছে, আমি দলের জন্য চেষ্টা করছি।’
‘আমি কীভাবে আমার সতীর্থকে বল থ্রো করে হলেও ভালো প্রস্তুতি দিয়ে ম্যাচে পাঠাচ্ছি। যখন এই জিনিসগুলো হবে, তখন দেখবেন দেখতেও ভালো লাগছে, দল ভালো করছে, একজন আরেকজনের প্রতি মায়া বাড়ছে, যে জিনিসগুলো আমাদের দলে দরকার। সত্যি বলতে এসব আস্তে আস্তে হচ্ছে।’ — যোগ করেন নাজমুল।
আরও পড়ুন: ‘১৫ পাণ্ডব হোক’, কোনো সমস্যা নেই নাজমুলের। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।



