রিয়াল মাদ্রিদ ফুটবল দল বিশ্বকাপের সময় ক্লাবগুলোকে সাধারণত অলস সময় কাটাতে দেখা যায়। বিশ্বকাপের কারণে দল নিয়ে আলোচনা ধামাচাপা পড়ে যায়। কিন্তু রিয়াল মাদ্রিদ যেন সেই সুযোগ দিচ্ছে না। একের পর এক খেলোয়াড় কিনে বিশ্বকাপের আলো কেড়ে নিচ্ছে তারা। খেলোয়াড়দের সঙ্গে চুক্তির ঘোষণা দিচ্ছে ঠিক বিশ্বকাপ ম্যাচের আগে আগে।
সভাপতি নির্বাচন ও মরিনহোর প্রত্যাবর্তন
রিয়াল মাদ্রিদের দলবদলের মৌসুম শুরু হয়েছিল সভাপতি নির্বাচন দিয়ে। দুই দশক পর এই প্রথম সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়েছিলেন কেউ। সংখ্যাগরিষ্ঠ ভোটে পেরেজই সভাপতি নির্বাচিত হন। তিনি বসেই সাবেক কোচ জোসে মরিনহোকে ফিরিয়ে আনেন। এরপরই দলবদলের বাজারে লেগেছে ঝড়। মরিনহো আসার পর রিয়ালের দলবদলের চিত্র বদলে গেছে।
মার্ক কুকুরেয়ার আকস্মিক আগমন
স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া একেবারেই আকস্মিক। কোনো কানাঘুষা ছাড়াই কুকুরেয়াকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিও রোমানো। কুকুরেয়াকে কিনতে রিয়াল মাদ্রিদের খরচ হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। তাঁকে কেনার আনুষ্ঠানিক ঘোষণা রিয়াল মাদ্রিদ দিয়েছে স্পেনের ম্যাচ শুরুর মাত্র সাত ঘণ্টা আগে। ‘প্রথমবারের মতো স্পেন দলে কোনো রিয়াল মাদ্রিদ খেলোয়াড় নেই’ কথাটি ভুল প্রমাণ করেছে এই দলবদলের ঘোষণা।
বের্নার্দো সিলভার চুক্তি
একই ঘটনা ঘটল বের্নার্দো সিলভার বেলায়ও। গত এপ্রিলে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন পর্তুগিজ মিডফিল্ডার। ফ্রিতে তাঁকে দলে ভেড়ানোর জন্য উৎসুক ছিল অনেক দল। গুঞ্জন আছে, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেছিল। কিন্তু মরিনহোর সঙ্গে কথা বলে তিনি মন বদলান এবং রিয়াল মাদ্রিদে যোগ দেন। দুই বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বের্নার্দো সিলভা। চুক্তি সই হয়ে গেছে বিশ্বকাপ শুরুর আগেই। কিন্তু রিয়াল মাদ্রিদ সময় বুঝে তাঁকে খেলোয়াড় ঘোষণা করেছে আজ। পর্তুগালের ম্যাচ শুরুর ঠিক আট ঘণ্টা আগে এই ঘোষণা দেওয়া হয়।
আন্তোনিও রুডিগারের চুক্তি
শুধু তা–ই নয়, জার্মানির ম্যাচের পাঁচ ঘণ্টা আগে আন্তোনিও রুডিগারের সঙ্গে চুক্তি বাড়ানোর ঘোষণাও দিয়েছে রিয়াল।
ইব্রাহিমা কোনাতে ব্যতিক্রম
শুধু নিয়মের ব্যত্যয় ঘটেছে ইব্রাহিমা কোনাতের বেলায়। আজ ১৮ জুন, ফরাসি এই ডিফেন্ডারকে কেনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের পরবর্তী খেলা অবশ্য ২২ তারিখ। নিয়ম ভেঙে ম্যাচের চার দিন আগেই ঘোষণা করা হয়েছে খেলোয়াড়কে।
কৌশলগত দলবদল: নতুন দৃষ্টান্ত?
পরপর দুজন খেলোয়াড়কে ঠিক ম্যাচের কিছুক্ষণ আগে ঘোষণা করা কোনো কাকতালীয় ব্যাপার নয়। বিশ্বকাপের মৌসুমে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় কেনা তো ঐতিহাসিক ট্রেন্ড, সেখানে বিশ্বকাপের মধ্যেই খেলোয়াড় কিনে ম্যাচের আগে ঘোষণা করা—রিয়াল মাদ্রিদ কি দলবদলে নতুন দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছে? সময়ই বলে দেবে এই কৌশল কতটা সফল হয়।



