জার্মানির বিশ্বকাপ ম্যাচে হিটলারের মতো দেখতে এক সমর্থকের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু সেই ছবি আসল নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে।
ছবির সত্যতা যাচাই
ডয়েচে ভেলে মূল টেলিভিশন সম্প্রচার পর্যালোচনা করে দেখেছে, হাভার্টজের গোলের পর গ্যালারিতে যে দর্শকদের দেখা গেছে, তাদের মধ্যে হিটলারের মতো কেউ ছিলেন না। বরং সেই জায়গায় ধূসর চুলের এক ব্যক্তি ছিলেন।
কীভাবে ধরা পড়ল?
বার্লিনভিত্তিক ফটো এজেন্সি ইমাগোর তোলা ছবিতেও হিটলারের কোনো সাদৃশ্য পাওয়া যায়নি। এআই চ্যাটবটের মাধ্যমে ছবিতে ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত করা সম্ভব হয়েছে, যা প্রমাণ করে ছবিটি এআই-সহায়তায় সম্পাদিত।
ভুয়া ছবিটি এক্স-এ ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে, ইনস্টাগ্রামে ৪ লাখ ৬০ হাজার লাইক পড়েছে। ফেসবুকে স্প্যানিশ ও থ্রেডস-এ রুশ ভাষায় আলোচনা হয়েছে। রেডিটে জার্মানিবিরোধী মন্তব্যও দেখা গেছে।
বিশ্বকাপের মতো বড় ইভেন্টে অফিশিয়াল ব্রডকাস্ট 'সেন্ট্রাল ফিড' হিসেবে বিতরণ করা হয়, ফলে সব চ্যানেলে একই ছবি সম্প্রচারিত হয়। তাই ভুয়া ছবিটি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে।



