পাকিস্তানের উপহার: বাংলাদেশের সরকারি স্কুলে ১ হাজার ফুটবল
পাকিস্তানের উপহার: সরকারি স্কুলে ১ হাজার ফুটবল

বাংলাদেশের সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য এক হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। শিক্ষা ও ক্রীড়া খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকায় পাকিস্তান হাইকমিশন।

সৌজন্য সাক্ষাতে উপহার ঘোষণা

রবিবার (২১ জুন) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সাক্ষাৎকালে তিনি এ উপহারের বিষয়টি জানান। পাকিস্তান হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি, যুব উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষা, শারীরিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

নলেজ করিডরের অগ্রগতি

এ সময় হাইকমিশনার ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর’-এর অগ্রগতি সম্পর্কেও শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। সাক্ষাৎকালে শিয়ালকোটভিত্তিক প্রতিষ্ঠান ফরোয়ার্ড স্পোর্টস-এর তৈরি একটি ফুটবল শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন হাইকমিশনার। তিনি জানান, একই মানের এক হাজার ফুটবল ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে হস্তান্তর করা হয়েছে, যা দেশের সরকারি স্কুলে বিতরণ করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষার্থীদের ফিটনেসে ফুটবলের ভূমিকা

হাইকমিশনার বলেন, এসব ফুটবল শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও ফিটনেস চর্চায় উৎসাহিত করবে এবং ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়াবে। তিনি আরও উল্লেখ করেন, শিয়ালকোট বিশ্বমানের ফুটবল উৎপাদনের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত, যেখানে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের বল তৈরি হয়ে থাকে।

শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া

এদিকে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন পাকিস্তানের এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ