ব্রাজিল আবার ব্রাজিল হয়ে উঠছে: রোমারিওর কলামে প্রশংসা
ব্রাজিল আবার ব্রাজিল হয়ে উঠছে: রোমারিও

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারানোর পর আজ স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে সেলেসাওরা।

রোমারিওর চোখে ব্রাজিলের পুনর্জাগরণ

ব্রাজিলের এমন চেনা ছন্দে ফেরাকে দারুণ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী সাবেক এই স্ট্রাইকারের মনে হচ্ছে, ব্রাজিল যেন আবার সেই চিরচেনা ব্রাজিল হয়ে উঠছে। ব্রাজিলের শীর্ষস্থানীয় দৈনিক ‘ও গ্লোবো’তে লেখা নিজের এক কলামে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলিয়ানদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

রোমারিও লিখেছেন, ‘ব্রাজিল আবার ব্রাজিল হয়ে উঠছে। আনন্দ নিয়ে খেলা, আক্রমণাত্মক ফুটবল, আর বুকে থাকা পাঁচ তারকার মর্যাদা প্রমাণ করা—সবই ছিল এই ম্যাচে। এখনো আমাদের সামনে পাঁচটি ম্যাচ এবং অনেক চ্যালেঞ্জ বাকি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আত্মবিশ্বাস তুঙ্গে, লক্ষ্য আরও উন্নতি

স্কটল্যান্ডের বিপক্ষে এমন দাপুটে জয়ে ব্রাজিলের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। রোমারিও সেটা মনে করিয়ে দিয়ে বলেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দারুণ একটি ম্যাচ খেলেছে! এটি ছিল আত্মবিশ্বাস বাড়ানোর একটি ম্যাচ, যা নকআউট পর্বে যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচে আরও উন্নতি করা। বিশ্বকাপের ইতিহাস বলে, যারা প্রথম ম্যাচ থেকেই আধিপত্য দেখায় তারা সাধারণত চ্যাম্পিয়ন হয় না। বরং তারাই হয়, যারা টুর্নামেন্ট গড়ানোর সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হয়ে ওঠে।’

গ্রুপ–সেরা হয়েই নকআউট পর্বে পা রেখেছে ব্রাজিল। স্কটিশদের বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিনিসিয়ুস জুনিয়রের দ্যুতি

গ্রুপ পর্বের তিন ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে এক গোল করে দলকে ১ পয়েন্ট এনে দেন। এরপর হাইতির বিপক্ষে নিজে এক গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেন। আজ স্কটল্যান্ডের বিপক্ষে তো করলেন জোড়া গোল।

ভিনির এমন পারফরম্যান্সে মুগ্ধ রোমারিও লিখেছেন, ‘ভিনি দুর্দান্ত ফর্মে আছে। চারটি গোল নিয়ে এখন নিঃসন্দেহে সে আমাদের সবচেয়ে বড় তারকা। বিশেষ করে রাফিনিয়া চোটে থাকায় সে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, যেমনটা বড় খেলোয়াড়দের করা উচিত এবং গোল করার অসাধারণ ক্ষমতা দেখিয়েছে। এ পর্যন্ত বিশ্বকাপে সে-ই আমাদের প্রধান ভরসা।’

আনচেলত্তির কৌশলে আস্থা

মাঠে ভিনিসিয়ুস-কুনিয়ারা যেমন আলো ছড়াচ্ছেন, তেমনি ডাগআউটে দাঁড়িয়ে কৌশল দেখাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তিও। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের ওপর পূর্ণ আস্থা রোমারিওর। এই কিংবদন্তির বিশ্বাস, ব্রাজিলকে হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ ট্রফিটা আনচেলত্তিই এনে দিতে পারেন।

কোচের প্রশংসা করে তিনি বলেন, ‘একজন ভালো ইতালিয়ানের মতো তিনিও খুব বাস্তববাদী। তাঁর হাতে কী খেলোয়াড় আছে এবং কোন পরিস্থিতিতে কাকে ব্যবহার করতে হবে, তা তিনি খুব ভালো বোঝেন। তিনি খুব বেশি চিৎকার করেন না, কিন্তু তাঁর ব্যক্তিত্ব ও মর্যাদার কারণে সবাই তাঁকে সম্মান করে। ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জেতানোর জন্য তাঁর সব গুণই রয়েছে।’