আজ এমিরেটসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের লড়াই, কার অপেক্ষা ফুরাবে?
এমিরেটসে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল, কার স্বপ্ন পূরণ হবে?

মাদ্রিদে প্রথম লেগটা ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো ও আর্সেনাল। আজ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ দিয়ে কার অপেক্ষা ফুরাবে? আতলেতিকো মাদ্রিদ তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও রানার্সআপ হয়েছে। সর্বশেষ ফাইনাল খেলেছে ২০১৬ সালে। অন্যদিকে আর্সেনালের একমাত্র ফাইনাল খেলার অভিজ্ঞতা ২০০৬ সালে। সেই ফাইনালে হেরেছিল গানাররা।

ইতিহাস কি আর্সেনালের পক্ষে?

ইতিহাস আজ আর্সেনালের পক্ষেই। মুখোমুখি লড়াইয়ের হিসাবে ১-১ সমতা থাকলেও এমিরেটসে দুই দলের সর্বশেষ ম্যাচটিই এগিয়ে রাখছে মিকেল আরতেতার দলকে। এ মৌসুমের লিগ পর্বেই ঘরের মাঠে দিয়েগো সিমিওনের আতলেতিকোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল আর্সেনাল। তবে নকআউট ম্যাচে সেই ফলাফলের কোনো অর্থ নেই।

সিমিওনের সামনে চ্যালেঞ্জ

উত্তর লন্ডনের বিরুদ্ধ পরিবেশে আতলেতিকো কোচ সিমিওনের সামনে আরেকটি লড়াইও অপেক্ষা করছে। লড়াইটা হুলিয়ান আলভারেজকে ধরে রাখার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার মৌসুম শেষে চলে যেতে পারেন মাদ্রিদ থেকে। আলভারেজের সম্ভাব্য দুটি গন্তব্যের একটি আবার আর্সেনালই। আরেকটি বার্সেলোনা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলভারেজের মতো তারকাকে ধরে রাখতে সবচেয়ে বড় অনুপ্রেরণা তো চ্যাম্পিয়নস লিগ জয়ই হতে পারে। আতলেতিকো প্রথমবার ইউরোপ-সেরা হলে সিমিওনে আলভারেজকে বলতে পারবেন, ‘দেখো, আমরাও কিন্তু একেবারে ফেলনা নই।’

আলভারেজের মনোযোগ

সেই স্বপ্নপূরণে আতলেতিকো আবার তাকিয়ে আলভারেজের দিকেই। আলভারেজ নিজে অবশ্য দাবি করছেন, দলবদল নিয়ে এখনই খুব বেশি ভাবছেন না। সেমিফাইনালের প্রথম লেগের আগে এই আর্জেন্টাইন বলেছিলেন, ‘এসব নিয়ে ভেবে শক্তি ক্ষয় করে কোনো লাভ নেই। আমার সামনে যে কাজ, সে কাজেই মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম লেগে গোলের পর হুলিয়ান আলভারেজ নিখুঁত এক পেনাল্টি নিয়ে সমতা ফিরিয়ে মনোযোগের প্রমাণ ঘরের মাঠেই দিয়ে এসেছেন। আতলেতিকোর প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে ১০ গোল করার কীর্তিও গড়েছেন।

আর্সেনালের সুখবর

আজকের ম্যাচের আগে আর্সেনালের জন্য সুখবর হয়ে এসেছেন বুকায়ো সাকা। এই উইঙ্গার চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রমাণ দিয়েছেন ফুলহামের বিপক্ষে আর্সেনালের সর্বশেষ জয়ে নিজে একটি গোল করে ও ইয়োকেরেসকে দিয়ে একটি করিয়ে। প্রথম লেগে আর্সেনালের গোলটি ভিক্টর ইয়োকেরেসের।

আর্সেনালের দুর্ভেদ্য রক্ষণ

আতলেতিকোর জন্য সাকা, ইয়োকেরেস, রাইসদের সামলানোর চেয়ে আর্সেনালের দুর্ভেদ্য রক্ষণ দুর্গ ভাঙার চ্যালেঞ্জটা বোধ হয় আরও বড়। এবারের চ্যাম্পিয়নস লিগে ১৩ ম্যাচে মাত্র ৬টি গোল খেয়েছে আর্সেনাল। তাই গোল করা সহজ হবে না আতলেতিকোর জন্য।