ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে ফিফার জুরিখ বৈঠক
ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে ফিফার জুরিখ বৈঠক

ইরান ফুটবল দল যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ খেলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। এবার সরাসরি ফিফার সদর দপ্তরে ডাক পড়েছে দেশটির ফুটবল কর্তাদের। জুরিখে এই বৈঠক হবে বলে জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ। গত শুক্রবার কানাডা থেকে ফিরে ইরানি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আলোচনা করার মতো অনেক বিষয় আছে আমাদের।’

ফিফার মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রম ইরানি প্রতিনিধিদলকে ২০ মে’র মধ্যে জুরিখে আসার আমন্ত্রণ জানিয়েছেন। বিষয়টির স্পর্শকাতরতার কথা মাথায় রেখে নাম প্রকাশ না করার শর্তে এপিকে এ তথ্য দিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত একটি সূত্র।

বিশ্বকাপের সূচি ও প্রস্তুতি

জুনের প্রথম সপ্তাহে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ইরান ফুটবল দলের। অ্যারিজোনার টুসনে নিজেদের বেইজ ক্যাম্প বানিয়ে অনুশীলন করার কথা তাদের। বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে ইরান। আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা দলটির। একই মাঠে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে, আগামী ২১ জুন। আর সিয়াটলে ২৭ জুন তাদের প্রতিপক্ষ মিশর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপে দুই দলই নিজ নিজ গ্রুপে রানার্সআপ হলে ৩ জুলাই ডালাস কাউবয়েজের মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে পারে ইরান।

সামরিক হামলার পর শঙ্কা

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর থেকে দেশটির বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে নতুন নাটকীয়তা যোগ হয়েছে কানাডায়। সম্প্রতি ভ্যাঙ্কুভারে ফিফার বার্ষিক কংগ্রেসে ২১১টি সদস্য ফেডারেশনের মধ্যে কেবল ইরানই অনুপস্থিত ছিল। সেই কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আরও এবার নিশ্চিত করেন, ইরান নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপ খেলবে। হোয়াইট হাউসে পরে একই কথার প্রতিধ্বনি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, ‘জান্নি (ইনফান্তিনো) যখন বলেছে, তখন আমার আপত্তি নেই।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কানাডায় তাজের অভিজ্ঞতা

সংবাদমাধ্যমের খবর, ফিফার বার্ষিক কংগ্রেসে অংশ নিতেই কানাডা গিয়েছিলেন তাজ ও তাঁর দুই সহকর্মী। ইস্তাম্বুল থেকে টরন্টো হয়ে ভ্যাঙ্কুভার যাওয়ার পথে টরন্টো বিমানবন্দরেই বিপত্তি। এশীয় ফুটবল কনফেডারেশনের (এএফসি) সহসভাপতি হওয়া সত্ত্বেও তাজকে দুই ঘণ্টা আটকে রাখা হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, তাঁকে প্রশ্ন করা হয়েছিল তিনি ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর সদস্য কি না। উত্তরে তাজ বলেছিলেন, ‘ইরানে আমরা ৯ কোটি মানুষই আইআরজিসির সদস্য।’

শেষ পর্যন্ত নাকি তাঁকে বলা হয়েছে, তিনি কানাডায় ঢুকতে পারেন। কিন্তু তাজ ও তাঁর সহকর্মীরা সিদ্ধান্ত নেন ফিরে যাওয়ার। তাজ পরে বলেছেন, ‘তারা বলেছিল—‘‘আপনাদের ইচ্ছা।’’ তখন আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিলাম ইস্তাম্বুলে ফিরে যাব। আনুষ্ঠানিকভাবে আমাদের বের করে দেওয়া হয়নি, ফাইলে কোনো ডিপোর্টেশনের উল্লেখ নেই। কিন্তু বাস্তবে ব্যাপারটা প্রায় তা-ই।’

ভিসা সমস্যা ও ঘরোয়া লিগ

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকার ভিসা দেওয়া হয়নি তাজ ও তাঁর সহকর্মীদের। সেই ড্রর মঞ্চে ইনফান্তিনো ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কার তুলে দিয়েছিলেন। তবে অবশ্য কানাডার বৈধ ভিসা ছিল তাজের পাসপোর্টে।

এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ঘরোয়া ফুটবল লিগ বন্ধ রয়েছে, বিশ্বকাপের আগে আবার শুরু হওয়ার কোনো সম্ভাবনাও নেই। গত মার্চে তুরস্কের আন্তালিয়ায় প্রস্তুতি ক্যাম্প করে দুটি ম্যাচ খেলেছে ইরান। এই মাসে আবারও সেখানে ফিরে যাওয়ার পরিকল্পনা আছে দলটির।

বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ১১ জুন। তার আগে জুরিখের বৈঠকে কতটা সমাধান মেলে, সেটাই এখন দেখার।