বিশ্বকাপ জার্সিতে পোল্যান্ডের পতাকা, হাইতির ২২০ বছরের কৃতজ্ঞতা
বিশ্বকাপ জার্সিতে পোল্যান্ডের পতাকা, হাইতির কৃতজ্ঞতা

দীর্ঘ ৫২ বছর পর ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে হাইতি। শেষবার ১৯৭৪ সালে বিশ্বকাপে খেলেছিল তারা। সেবার গ্রুপপর্বে আর্জেন্টিনা, পোল্যান্ড ও ইতালির কাছে হেরে বিদায় নিয়েছিল ক্যারিবীয় অঞ্চলের এই দেশটি।

নজরকাড়া জার্সি

এবার বিশ্বকাপে খেলতে নামার আগে নজর কেড়েছে হাইতির জার্সি। পোল্যান্ডের পতাকা লাগানো জার্সি পরে মাঠে নামবে তারা। হাইতির হোম ও অ্যাওয়ে জার্সির কোমরের কাছে পোল্যান্ডের সাদা-লাল রঙের পতাকা আঁকা রয়েছে। এর পেছনে রয়েছে ২২০ বছরের পুরনো এক ইতিহাস।

ইতিহাসের পাতা থেকে

১৮০২ সালে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ। ফ্রান্সের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিল হাইতি। সে সময় পোল্যান্ডের প্রায় ৫ হাজার সৈন্যকে হাইতিতে পাঠান নেপোলিয়ন। ফরাসি সৈন্যদের সাহায্যের জন্য তাদের পাঠানো হয়েছিল। পোল্যান্ড ভেবেছিল, হাইতির বিরুদ্ধে ফরাসি সৈন্যদের সাহায্য করলে তাদেরও স্বাধীন হতে সাহায্য করবে ফ্রান্স। কারণ সে সময় পোল্যান্ডের উপর রাশিয়া ও অস্ট্রিয়ার দখল ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কিন্তু হাইতিতে পৌঁছে পোল্যান্ডের সৈন্যরা দেখেন, এ তো স্বাধীনতার যুদ্ধ। হাইতির মতো তারাও স্বাধীনতা চান। তাহলে কীভাবে স্বাধীনতার জন্য লড়াই করা একটি দেশের বিরোধিতা করবেন? এরপর পোল্যান্ডের সৈন্যদের একটি বড় অংশ হাইতির স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে হাত মেলান। তাদের যৌথ লড়াইয়ে পিছু হটে ফ্রান্স। ১৮০৪ সালে স্বাধীন হয় হাইতি।

কৃতজ্ঞতা প্রকাশ

স্বাধীনতার পর হাইতির প্রথম প্রধান জ্যঁ জ্যাক দেশালিন্স পোল্যান্ডের এই সাহায্যের কথা প্রকাশ্যে স্বীকার করেন। পরবর্তীতে হাইতি কোনো শ্বেতাঙ্গকে নাগরিকত্ব না দিলেও বা সেখানে জমি কেনার অধিকার না দিলেও পোল্যান্ডের সৈন্যদের জন্য ছাড় ছিল। এমনকি প্রায় ৫০০ পোলিশ সৈন্য সেখানেই থেকে যান। তারা আর দেশে ফেরেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২২০ বছর পরেও পোল্যান্ডের সৈন্যদের সেই সাহায্যের কথা ভোলেনি হাইতি। তাই তারা এমন জার্সি তৈরি করেছে, যেখানে পোল্যান্ডের পতাকা রয়েছে। গ্রুপ সি-তে ব্রাজিল, স্কটল্যান্ড ও মরক্কোর সঙ্গে খেলবে হাইতি। ঘটনাচক্রে, এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি পোল্যান্ড। তবে হাইতির জার্সির মধ্যে দিয়ে তারাও থাকবে ফুটবল বিশ্বকাপে।