কুষ্টিয়ায় বাস সংঘর্ষে নিহত ১, আহত ৬০ সেনাসদস্যসহ
কুষ্টিয়ায় বাস সংঘর্ষে নিহত ১, আহত ৬০

কুষ্টিয়ায় সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী পুলিশ ও আহতরা জানান, একটি ভাড়া করা বাসে প্রশিক্ষণরত সেনাসদস্যরা বগুড়া থেকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির পরিচয়

নিহত বাসযাত্রীর নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন এবং তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেনাসদস্যদের অবস্থা

আহত সেনাসদস্যরা জানান, তারা বর্তমানে সেনাবাহিনীতে প্রশিক্ষণরত। ঈদুল আজহার ছুটি শেষে তারা একটি ভাড়া করা বাসে করে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। ওই বাসে মোট ৪২ জন সেনাসদস্য ছিলেন। দুর্ঘটনায় তারা কমবেশি সবাই আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১০ জনকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পুলিশ সুপারের বক্তব্য

খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দীন আহতদের দেখতে হাসপাতালে যান। তিনি জানান, সেনাসদস্যরা নতুন রিক্রুট এবং তারা প্রশিক্ষণে রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ